

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ ফিফা বিশ্বকাপে নকআউট পর্বে আজ (সোমবার) মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। গুরুত্বপূর্ণ এ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ইতালির অভিজ্ঞ রেফারি মাউরিজিও মারিয়ানি। তবে অতীতে একাধিক বিতর্কিত সিদ্ধান্তের কারণে ম্যাচটির আগে আবারও আলোচনায় উঠে এসেছে তার নাম।
সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান।
মারিয়ানি ইউরোপীয় ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা সিরি আ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিয়মিত দায়িত্ব পালন করলেও তার বেশ কয়েকটি সিদ্ধান্ত বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে পেনাল্টি ও ভিএআর–সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
২০২৪ সালে সিরি আ'তে নাপোলি ও ইন্টার মিলানের ম্যাচে বিতর্কিত পেনাল্টি দেওয়ার পর সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়েছিল মারিয়ানিকে। এছাড়া সর্বশেষ মৌসুমেও ভিএআরের সহায়তায় দেওয়া একটি পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েন তিনি।
এরও আগে ২০২১ সালে ইন্টার মিলান ও য়্যুভেন্তাসের ম্যাচের শেষদিকে য়্যুভেন্তাসের পক্ষে দেওয়া একটি পেনাল্টিকে কেন্দ্র করে ইন্টারের খেলোয়াড়দের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছিলেন এই ইতালিয়ান রেফারি।
তবে বিতর্কের পাশাপাশি ইউরোপের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ দক্ষতার সঙ্গে পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে মারিয়ানির। বিশ্বকাপের গ্রুপ পর্বে তিনি সৌদি আরব–উরুগুয়ে এবং কলম্বিয়া–ডিআর কঙ্গো ম্যাচেও দায়িত্ব পালন করেন।
ব্রাজিল–জাপান ম্যাচে মারিয়ানিকে সহায়তা করবেন তাঁর স্বদেশী সহকারী রেফারি দানিয়েল বিন্দোনি ও আলবার্তো তেগোনি।
