সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগেই দুঃসংবাদ পেল জাপান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৭:৪৩ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে জাপান। দলের অন্যতম সেরা তারকা ডাকেফুসা কুবো চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না।

নেদারল্যান্ডসের বিপক্ষে জাপানের প্রথম ম্যাচে ২-২ গোলে ড্রয়ের সময় বাম হাঁটুতে চোট পান ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার।

এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি।

নাসভিলে দলের বেস ক্যাম্পে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে গেলেও শেষ অনুশীলনে কুবোকে মূল দলের সঙ্গে দেখা যায়নি। তিনি আলাদাভাবে শুধু দৌড় ও হালকা অনুশীলন করেছেন। সংবাদ সম্মেলনে জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু নিশ্চিত করেছেন, ব্রাজিলের বিপক্ষে ম্যাচের জন্য কুবো পুরোপুরি ফিট নন।

মোরিয়াসু বলেন, কুবো এখনও ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন। তাই ব্রাজিলের বিপক্ষে তাকে পাওয়া যাচ্ছে না। তবে দ্রুত সুস্থ হয়ে দলে ফিরবেন বলেই আশা করছেন তারা।

দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পেলেও ব্রাজিলের বিপক্ষে চমক দেখানোর ব্যাপারে আত্মবিশ্বাসী জাপান। গত বছরের অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারানোর স্মৃতি থেকে অনুপ্রেরণা নিচ্ছেন সামুরাই ব্লুরা।

জাপানি কোচ বলেন, শক্তি ও র‌্যাংকিংয়ের বিচারে ব্রাজিল এগিয়ে এবং শিরোপার অন্যতম দাবিদার। তবুও নিজেদের আন্ডারডগ হিসেবেই দেখছেন তারা। তার বিশ্বাস, আগের মতো এবারও সবাইকে চমকে দিয়ে ইতিহাস গড়তে পারে জাপান।

এদিকে ২০২২ কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে জাপান। মোরিয়াসু জানিয়েছেন, এবার ম্যাচ টাইব্রেকারে গড়ালে পেনাল্টি শট নেওয়ার ক্রম খেলোয়াড়দের ওপর ছেড়ে দেওয়া হবে না।

কোচ হিসেবে তিনিই আগেই শট নেওয়ার সিরিয়াল নির্ধারণ করে রাখবেন, যাতে চাপের মুহূর্তে দল আরও সংগঠিতভাবে পরিস্থিতি সামাল দিতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Japan
Scheduled
29 Jun, 11:00 PM
VS
World Cup