

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামার আগে বড় সুসংবাদ পেল ইংল্যান্ড। দলের তারকা ডিফেন্ডার রিস জেমস পুরো সময় খেলার জন্য প্রস্তুত। চোট কাটিয়ে এরই মধ্যে মাঠে ফিরেছেন তিনি। তবে ম্যাচের শুরু থেকে খেলতে পারবেন কিনা তা নিয়ে ছিল শঙ্কা।ইংল্যান্ডের পরের ম্যাচ সেমিফাইনাল আর্জেন্টিনার বিপক্ষে। ইংলিশ ডিফেন্ডার জেমস আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে নিজেকে প্রস্তুত বলে জানিয়েছেন।
চেলসি অধিনায়ক জেমস শনিবার নরওয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন। কোয়ার্টার ফাইনালে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন। এর মধ্য দিয়েই তিন ম্যাচ পর দলে ফেরেন তিনি।
ঘানার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন। সে কারণে তিন ম্যাচ বাইরে থাকতে হয় তাকে। নরওয়ের বিপক্ষে ম্যাচে শুরুতে তাকে সেন্ট্রাল মিডফিল্ডে খেলানো হয়। পরে নিজের স্বাভাবিক রাইট-ব্যাক পজিশনে ফিরে যান তিনি। ওই ম্যাচে জুড বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড।
লায়ন্স ডেনকে দেওয়া সাক্ষাৎকারে জেমস বলেন, ‘সতীর্থদের সঙ্গে আবার মাঠে ফিরতে পেরে ভালো লাগছে। টুর্নামেন্টের মধ্যে ইনজুরিতে পড়লে সময়ের সঙ্গে এক ধরনের লড়াই শুরু হয়। আমি কঠোর পরিশ্রম করেছি এবং আবার মাঠে ফিরতে পেরে খুব খুশি।’
পুরো টুর্নামেন্টে নিজেদের সেরা ফুটবল না খেললেও প্রতিটি বাধা পেরিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। তবে এবার তাদের সামনে অপেক্ষা করছে শক্তিশালী আর্জেন্টিনা। ইংল্যান্ড-আর্জেন্টিনা দ্বৈরথের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তবে চাপ সামাল দেওয়ার মতো অভিজ্ঞতা দলের রয়েছে বলে মনে করেন জেমস, ‘ম্যাচের গুরুত্ব যত বাড়ে, চাপও তত বাড়ে। আমরা বছরের পর বছর ধরে এমন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছি। মূল বিষয়গুলো একই থাকে, শুধু মঞ্চটা ভিন্ন, পুরস্কারটা ভিন্ন।’
তিনি আরও বলেন, ‘আমরা এখন এক ধরনের উত্তেজনা, চাপের মধ্যে আছি। তবে আমরা লক্ষ্য পূরণে মনোযোগী। বাইরের বিষয়গুলো খুব একটা দেখা হয় না। তবে আমরা খুশি যে দেশের মানুষকে গর্বিত করতে পারছি। ছোটবেলায় প্রত্যেকেরই বিশ্বকাপে খেলা ও জেতার স্বপ্ন থাকে। এখন আমরা সেমিফাইনালে বিশ্বের অন্যতম সেরা দলের মুখোমুখি।’

