বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত অন্তত ২০

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৩:৫২ এএম
ছবি: প্রতিনিধি
expand
ছবি: প্রতিনিধি

হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামের মধ্যে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) রাত প্রায় ৯টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে মাইকিং করে লোকজনকে জড়ো করা হলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে। সংঘর্ষ আরও ছড়িয়ে পড়লে পুলিশ পাঁচ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সংঘর্ষে পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ধুলিয়াখাল ও তেতৈয়া গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল জোরদার করেছেন।

হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শহিদুল হক মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup