

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর কেরানীগঞ্জে ময়লা ফেলার দায়ে আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে ব্যতিক্রমধর্মী শাস্তি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক। সোমবার (১৩ জুলাই) দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কদমতলী গোলচত্বর এলাকায় প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনার সময় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি সড়কের পাশে ময়লা ফেলছিলেন। এ সময় ইউএনও উমর ফারুক তাকে হাতেনাতে আটক করেন। পরে তার বয়স বিবেচনা করে প্রচলিত জেল বা অর্থদণ্ড না দিয়ে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন ইউএনও। ঘটনাস্থলের পাশে স্তূপ করে রাখা সব ময়লা নিজ খরচে অপসারণ করার নির্দেশ দেওয়া হয় তাকে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক বলেন, "একজনকে সড়কের পাশে ময়লা ফেলা অবস্থায় হাতেনাতে ধরা হয়েছে। তবে তার বয়স বিবেচনা করে আমরা তাকে জেল-জরিমানা করিনি। এর পরিবর্তে সড়কের পাশে স্তূপকৃত ময়লাগুলো নিজ ব্যয়ে অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।"
তিনি আরও বলেন, "পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের নজরদারি জোরদার করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানা-পুলিশ, গ্রাম-পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা এই কার্যক্রম অব্যাহত রাখবেন।"
একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব উপজেলা বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করে সবার প্রতি আহ্বান জানিয়ে ইউএনও বলেন, "পরিচ্ছন্ন ও সবুজ কেরানীগঞ্জ গড়ে তুলতে ‘ক্লিন কেরানীগঞ্জ, গ্রিন কেরানীগঞ্জ’ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এটি বাস্তবায়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা প্রয়োজন।"