সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জয় উদযাপন করতে গিয়ে বিশ্বকাপ যাত্রা শেষ ইংলিশ তারকার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৩:০১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

স্বাগতিক মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় তুলে নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ইংল্যান্ড। তবে ঐতিহাসিক সেই জয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি থ্রি লায়ন্স শিবিরে। ম্যাচ শেষে উদযাপন করতে গিয়ে গুরুতর চোটে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন।

সোমবার (৬ জুলাই) শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোকে হারানোর পর মাঠজুড়ে উৎসবে মেতে ওঠেন ইংল্যান্ডের ফুটবলাররা। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হেন্ডারসন বলেন, অ্যাজটেকার পরিবেশ ছিল অবিশ্বাস্য এবং মেক্সিকো শেষ মুহূর্ত পর্যন্ত কঠিন লড়াই করেছে। তবে কোনো অজুহাত নয়, জয় নিয়েই মাঠ ছাড়তে পেরে তারা গর্বিত।

কিন্তু সেই আনন্দই মুহূর্তে বিষাদে পরিণত হয়। দর্শকদের অভিনন্দন জানিয়ে ড্রেসিংরুমে ফেরার পথে মাঠের পাশে থাকা বিজ্ঞাপন বোর্ড টপকে লাফ দেন হেন্ডারসন। অবতরণের সময় ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে কব্জিতে গুরুতর আঘাত পান তিনি।

যন্ত্রণায় কাতরাতে থাকা হেন্ডারসনকে দেখে দ্রুত চিকিৎসাকর্মীদের ডেকে আনেন সতীর্থরা। প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়।

পরে ইংল্যান্ড দলের পক্ষ থেকে জানানো হয়, এক্স-রে পরীক্ষায় হেন্ডারসনের কব্জিতে ফ্র্যাকচার ধরা পড়েছে। এই চোটের কারণে বিশ্বকাপে আর খেলতে পারবেন না তিনি। দলের সঙ্গে কানসাস সিটির পরবর্তী ক্যাম্পে না গিয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে মেক্সিকোতেই থাকতে হবে তাকে।

আগামী ১১ জুলাই (বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টা) মায়ামিতে কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হবে ইংল্যান্ড। ব্রাজিলকে বিদায় করে শেষ আটে ওঠা নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে অভিজ্ঞ হেন্ডারসনকে না পাওয়াটা ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা হয়ে এল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন