

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় ম্যাচ ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার লড়াই নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠিত হবে। বৈরী আবহাওয়ার পূর্বাভাসের কারণে ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে ফিফা।
আগের সূচী অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (৬ জুলাই) ভোর ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে নতুন সূচি অনুযায়ী, এটি পাঁচ ঘণ্টা এগিয়ে এনে বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে। ব্রিটিশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।
ফিফা জানিয়েছে, ম্যাচের ভেন্যু মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়াম এলাকায় একটি শক্তিশালী ক্রান্তীয় ঝড় আঘাত হানার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা থাকায় খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তাসহ দর্শকদের নিরাপত্তা বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে খেলা সঙ্গে সঙ্গে বন্ধ রাখতে হয়। এরপর প্রতিবার বজ্রপাতের ঘটনায় অন্তত ৩০ মিনিট করে ম্যাচ শুরুর সময় পিছিয়ে যায়। চলতি বিশ্বকাপে আবহাওয়ার কারণে ইতোমধ্যে কয়েকটি ম্যাচ বিলম্বে শুরু হওয়ার অভিজ্ঞতাও রয়েছে। সেই ধরনের পরিস্থিতি এড়াতেই আগাম সময় পরিবর্তনের পথ বেছে নিয়েছে ফিফা।
নতুন সূচির কারণে স্থানীয় কিছু দর্শককে পরিকল্পনায় পরিবর্তন আনতে হলেও ইংল্যান্ডের সমর্থকদের জন্য বিষয়টি স্বস্তির খবর। আগে ম্যাচটি ব্রিটিশ সময় গভীর রাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখন সন্ধ্যার প্রাইম-টাইমে ম্যাচটি হওয়ায় দেশটির দর্শকরা স্বাভাবিক সময়েই থমাস টুখেলের দলের খেলা উপভোগ করার সুযোগ পাবেন।
বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা ধরে রাখতে দুই দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আবহাওয়ার বাধা কাটিয়ে মাঠের লড়াই কতটা জমে ওঠে, সেদিকেই এখন ফুটবলপ্রেমীদের নজর।


