

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে দলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন এবং ফিফার পক্ষপাতের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার মতে, এসব আলোচনা ভিত্তিহীন এবং গুরুত্ব দেওয়ার মতো নয়। খবর টিওয়াইসি স্পোর্টসের।
সংবাদ সম্মেলনে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার প্রতি ফিফা কিংবা রেফারিদের পক্ষপাতের অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে স্কালোনি সংক্ষিপ্ত জবাব দেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম দেখবেন না। না দেখলে এসব সম্পর্কেও জানবেন না।’
স্কালোনির এই মন্তব্যে স্পষ্ট, মাঠের বাইরের বিতর্ক নয়, বরং কেপ ভার্দের বিপক্ষে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচেই পুরো মনোযোগ রাখতে চান তিনি ও তার দল।
তিনি জানান, বর্তমান সময়ে যে কেউ ভিত্তিহীন কোনো তথ্য বা দাবি পোস্ট করতে পারে, আর মুহূর্তের মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়। তাই এসব বিষয়কে গুরুত্ব দেওয়ার কোনো কারণ দেখেন না তিনি।
স্কালোনির ভাষায়, ‘এখন যে কেউ কোনো ভিত্তি ছাড়া কিছু লিখে সেটাকে বড় ইস্যু বানিয়ে ফেলতে পারে। আমি মনে করি, এসবের কোনো গুরুত্ব দেওয়া উচিত নয়।’
আর্জেন্টিনা কোচ আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের যেমন ইতিবাচক দিক রয়েছে, তেমনি নেতিবাচক দিকও আছে। সেখানে যে কেউ যা খুশি লিখতে পারে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই তা সবার কাছে পৌঁছে যায়। আমরা এসব নিয়ে কোনো মনোযোগ দিই না।’
তিনি জোর দিয়ে বলেন, বর্তমান আর্জেন্টিনা দলের সাফল্য কারও দয়া বা সুবিধা পাওয়ার ফল নয়। লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিটম্যান মারিও দে স্তেফানো; সবার সম্মিলিত পরিশ্রমেই এই সফলতা এসেছে।
উল্লেখ্য, চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্বে আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০ এবং জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ জয় নিয়ে নকআউট পর্বে উঠেছে স্কালোনির দল। টুর্নামেন্টে এখন পর্যন্ত তারা মাত্র একটি পেনাল্টি পেয়েছে এবং দুই খেলোয়াড় লিয়ান্দ্রো পারেদেস ও ফাকুন্দো মেদিনা হলুদ কার্ড দেখেছেন।


