শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১০:৫১ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটির আগে বাজারে লেনদেনের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে।

যদিও যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরেছে, তবুও বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান বজায় রেখেছেন।

শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১৭ সেন্ট বা ০ দশমিক ২৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭২ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১৪ সেন্ট বা ০ দশমিক ২০ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৬৮ দশমিক ৮৩ ডলারে লেনদেন হয়েছে।

শনিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস (ফোরথ অব জুলাই) উপলক্ষে শুক্রবার থেকেই দেশটির বাজার বন্ধ থাকায় লেনদেনে এর প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে তেলের দামে বড় ধরনের ওঠানামা দেখা গেলেও চলতি সপ্তাহে মূল্য পরিবর্তনের হার তুলনামূলকভাবে কম ছিল।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, বাজারে এখন নিয়ন্ত্রিত আশাবাদ কাজ করছে। শান্তি প্রচেষ্টা সফল হবে—এমন প্রত্যাশা থাকলেও বাস্তব অগ্রগতির সুস্পষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত ব্যবসায়ীরা সতর্ক অবস্থানেই থাকবেন।

এদিকে, সাময়িক শান্তি চুক্তির পর বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বিভিন্ন দেশ তেল উৎপাদন ও রপ্তানি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট উৎপাদিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবহন করা হতো।

রয়টার্সের তথ্য অনুযায়ী, মে মাসে কুয়েতের দৈনিক তেল উৎপাদন ছিল ৫ লাখ ৮০ হাজার ব্যারেল। জুনে তা বেড়ে দাঁড়ায় ১৬ লাখ ৫০ হাজার ব্যারেলে। একই সঙ্গে এশিয়ার বাজারে বিক্রি বাড়াতে সৌদি আরামকো স্পট প্রাইসিং পদ্ধতি চালু করেছে। এছাড়া সৌদি আরবের প্রায় ১ কোটি ব্যারেল তেল বহনকারী অন্তত পাঁচটি সুপারট্যাঙ্কার ইতোমধ্যে হরমুজ প্রণালী অতিক্রম করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Australia VS Egypt
Scheduled
04 Jul, 12:00 AM
VS
World Cup