বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উড্ডয়নের আগে বিমানের কারিগরি ত্রুটি, কাঠমান্ডুতে আটকা শতাধিক যাত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৯:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
expand

কাঠমান্ডু থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উড্ডয়নের আগে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সেটি আবার বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়েছে। পরে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে টার্মিনালে অপেক্ষা করতে বলা হয়। এতে শতাধিক যাত্রী ভোগান্তিতে পড়েন।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে যাত্রীদের নিয়ে উড়োজাহাজটি টার্মিনাল এলাকা ছাড়লেও রানওয়ের দিকে যাওয়ার পর কারিগরি সমস্যার বিষয়টি ধরা পড়ে। পরে সেটিকে আবার টার্মিনালে ফিরিয়ে আনা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটির নম্বর বিজি৩৭২। বোর্ডিং পাস অনুযায়ী, যাত্রীদের বিকেল ৩টার মধ্যে বোর্ডিং করার কথা ছিল।

জানা গেছে, কাঠমান্ডু থেকে ঢাকায় দিনে দুটি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রথম ফ্লাইটটিতে প্রায় ১২৭ জন যাত্রী ছিলেন। তাদের দ্রুত ঢাকায় পৌঁছে দিতে পরবর্তী ফ্লাইট ব্যবহারের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ফ্লাইটের এক যাত্রী জানান, উড়োজাহাজ টার্মিনাল ছাড়ার পর কিছুক্ষণ যেতেই কারিগরি ত্রুটির কথা জানানো হয়। এরপর সবাইকে নামিয়ে টার্মিনালে অপেক্ষা করতে বলা হয়। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পরও ফ্লাইটটি কখন ছাড়বে, সে বিষয়ে শুরুতে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলেও জানান ওই যাত্রী। বিকল্প ফ্লাইটের ব্যবস্থা বা লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাওয়া যাবে কি না, তা নিয়েও অনিশ্চয়তার কথা জানান তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডু কার্যালয়ের কান্ট্রি ম্যানেজার বাবুল আক্তার জানান, উড়োজাহাজে কারিগরি ত্রুটি থাকায় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। তবে মেরামতের কাজ শেষ হতে কত সময় লাগবে, তা তখনই নির্দিষ্ট করে বলা সম্ভব হয়নি।

তিনি জানান, বিজনেস ক্লাসের যাত্রীদের লাউঞ্জ ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। অন্য যাত্রীদেরও বিমানের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সেবা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

প্রথম ফ্লাইটের সব যাত্রীকে একসঙ্গে ঢাকায় নিয়ে আসার জন্য অপেক্ষাকৃত বড় একটি উড়োজাহাজ কাঠমান্ডুতে পাঠানোর প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank