

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় অনুষ্ঠিত ম্যাচে এক পয়েন্টই যথেষ্ট ছিল সকারুদের জন্য। গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপের দ্বিতীয় স্থান ধরে রেখে শেষ ৩২-এ উঠে যায় তারা। অন্যদিকে, সমান চার পয়েন্ট পেলেও সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে পরের রাউন্ডে ওঠার আশা জিইয়ে রেখেছে প্যারাগুয়ে।
তুরস্ককে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে ম্যাচে নেমেছিল দুই দলই। তবে অস্ট্রেলিয়ার জন্য ড্রই ছিল কাঙ্ক্ষিত ফল, আর প্যারাগুয়ের সামনে ছিল জয় ছাড়া বিকল্প নেই। শেষ পর্যন্ত কোনো দলই জালের দেখা না পাওয়ায় অস্ট্রেলিয়াই বেশি লাভবান হয়।
প্রথমার্ধে কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল অস্ট্রেলিয়া। ম্যাচের শুরুতেই জ্যাকসন আরভিনের নিশ্চিত গোলের সুযোগ দারুণ দক্ষতায় রুখে দেন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল। বিরতির আগে ক্রিস্টিয়ান ভোলপাতোর শটও ঠেকিয়ে দলকে বিপদমুক্ত রাখেন তিনি।
দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র কিছুটা বদলে যায়। বলের দখলে এগিয়ে ছিল প্যারাগুয়ে, তবে সেই আধিপত্যকে কার্যকর আক্রমণে রূপ দিতে পারেনি দক্ষিণ আমেরিকার দলটি। অন্যদিকে অস্ট্রেলিয়াও রক্ষণ সামলে সুযোগের অপেক্ষায় ছিল।
ম্যাচের ৯০তম মিনিটে জয়সূচক গোলের সবচেয়ে ভালো সুযোগ পায় অস্ট্রেলিয়া। ডান দিক থেকে জর্ডান বসের নেওয়া শট অল্পের জন্য গোলবারের বাইরে চলে যায়। স্টপেজ টাইমে প্যারাগুয়ের মাউরিসিওর নেওয়া নিচু শট সহজেই আটকে দেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিস।
এই ড্রয়ের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল অস্ট্রেলিয়া। ২০০৬ ও ২০২২ সালের পর এবারও শেষ ৩২-এ খেলবে তারা। আগামী ৩ জুলাই টেক্সাসের আর্লিংটনে ‘জি’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে মাঠে নামবে সকারুরা।
অন্যদিকে, প্যারাগুয়ের নকআউটে ওঠার সম্ভাবনা এখনও টিকে আছে। সেরা তৃতীয় দলগুলোর তালিকায় নিজেদের অবস্থান জানতে তাদের অপেক্ষা করতে হবে অন্য গ্রুপের ম্যাচগুলোর ফলাফলের জন্য।
তবে সম্ভাব্য নকআউট ম্যাচের আগে দুঃসংবাদও পেয়েছে প্যারাগুয়ে। গ্রুপ পর্বে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় মিডফিল্ডার দিয়েগো গোমেজ পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না, যদি দল শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করতে পারে।
