

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সংযুক্ত আরব আমিরাত (ইউএই) একযোগে ছয়টি দেশের নাগরিকদের জন্য ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা চালু করেছে। নতুন এই সিদ্ধান্তের ফলে নির্দিষ্ট শর্ত পূরণ করলে এসব দেশের সাধারণ পাসপোর্টধারী নাগরিক এবং তাদের পরিবারের সদস্যরা ইউএই-তে পৌঁছানোর পরই ভিসা পেতে পারবেন।
বৃহস্পতিবার (২৫ জুন) গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, নতুন এই সুবিধা পাচ্ছেন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকার নাগরিকরা।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সুবিধা নিতে হলে আবেদনকারীদের কাছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অথবা কানাডা থেকে ইস্যুকৃত বৈধ রেসিডেন্স পারমিট থাকতে হবে। শর্ত পূরণ করলে তারা ১৪ দিন বা ৬০ দিনের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাবেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই উদ্যোগটি মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা এবং অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।
এর ফলে নতুন অন্তর্ভুক্ত দেশগুলোর নাগরিকেরা ইউএইর সংস্কৃতি, পর্যটন আকর্ষণ, ব্যবসাবান্ধব পরিবেশ এবং উন্নত অবকাঠামোর সুবিধা গ্রহণের আরও বেশি সুযোগ পাবেন।
মন্ত্রণালয় আরও জানায়, ভ্রমণকারীদের চলাচল সহজ করা, কনস্যুলার সেবা আরও কার্যকর করা এবং ব্যবসা, বিনিয়োগ, উদ্যোক্তা ও মেধাবী জনশক্তির জন্য ইউএইকে আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে।
এদিকে পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা বিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ (আইসিপি) বলেছে, নতুন এই সংশোধনী ইউএইর ভিসা কাঠামো আধুনিকায়ন এবং সুবিধাভোগীদের পরিধি বাড়ানোর চলমান প্রচেষ্টার অংশ। এর মাধ্যমে ভ্রমণ, পর্যটন ও আন্তর্জাতিক গতিশীলতার ক্ষেত্রে বৈশ্বিক মানের সঙ্গে দেশটির সেবাগুলোকে আরও সামঞ্জস্যপূর্ণ করা হবে।
আইসিপির ব্যাখ্যা অনুযায়ী, আবেদনকারী ও তাদের পরিবারের সদস্যদের অবশ্যই উল্লিখিত ছয় দেশের কোনো একটির নাগরিক হতে হবে এবং অনুমোদিত দেশগুলোর যেকোনো একটির বৈধ রেসিডেন্স পারমিট থাকতে হবে। ভিসার ধরন অনুযায়ী তারা ১৪ দিন বা ৬০ দিনের জন্য ইউএইতে অবস্থানের অনুমতি পাবেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪ দিনের ভিসা একবার নবায়ন করা যাবে। তবে ৬০ দিনের ভিসা একবারের জন্য দেওয়া হবে এবং তা নবায়নের সুযোগ থাকবে না। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর দেশ ত্যাগ না করলে প্রতিদিন ৫০ দিরহাম হারে জরিমানা গুনতে হবে।
ফি হিসেবে ১৪ দিনের ভিসার জন্য ১০০ দিরহাম এবং ৬০ দিনের ভিসার জন্য ২৫০ দিরহাম নির্ধারণ করা হয়েছে।
