

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর ব্যক্তিগত জীবনে চরম দুর্ভোগের মুখে পড়েছেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহো। ধসে পড়া একটি ভবনের নিচে তার স্ত্রী ও দুই সন্তান নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। প্রিয়জনদের সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন আবেদন জানিয়েছেন এই ডিফেন্ডার।
গত বুধবার (২৪ জুন) রাতে ভেনেজুয়েলায় পরপর ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে। আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে নিখোঁজ রয়েছেন হাজারো মানুষ।
বর্তমানে ভেনেজুয়েলার দ্বিতীয় বিভাগের ক্লাব স্পোর্ট মারিতিমো লা গুইরার হয়ে খেলছেন ৩৮ বছর বয়সী ত্রেহো। তিনি স্ত্রী ইয়ানিনা মারানেয়া এবং সন্তান অ্যারন ও আইনহোয়াকে নিয়ে প্লায়া গ্রান্দে এলাকার একটি আবাসিক ভবনে বসবাস করতেন। ভূমিকম্পে ভবনটি সম্পূর্ণ ধসে পড়ার পর থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
ইনস্টাগ্রামে প্রকাশিত এক হৃদয়বিদারক বার্তায় ত্রেহো জানান, ‘প্লায়া গ্রান্দেতে আমাদের ভবনটি ধসে গেছে। আমার পরিবারের কোনো খোঁজ পাচ্ছি না। সবাই তাদের জন্য প্রার্থনা করুন। কেউ যদি তাদের দেখে থাকেন বা কোনো তথ্য জানেন, দয়া করে আমাকে জানান। আমি এখনও আশা করছি, দুর্ঘটনার সময় তারা ভবনের ভেতরে ছিলেন না।’
ভূমিকম্পের এই ট্র্যাজেডি শুধু ভেনেজুয়েলার হাজারো পরিবারকেই নয়, ফুটবল অঙ্গনকেও গভীরভাবে নাড়া দিয়েছে।
লুকাস ত্রেহোর এই আবেদন মুহূর্তেই ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলাসহ বিশ্বের অসংখ্য ফুটবল সমর্থক এবং শুভানুধ্যায়ী তার পরিবারের নিরাপদে ফিরে আসার জন্য প্রার্থনা করছেন। দীর্ঘ সময় ধরে ভেনেজুয়েলায় খেলার সুবাদে স্থানীয়দের সঙ্গে তার গভীর বন্ধন তৈরি হয়েছে, আর এই দুর্যোগে তার কান্না যেন পুরো জাতির শোকের প্রতিচ্ছবি হয়ে উঠেছে।
উল্লেখ্য, বর্তমানে ভেনেজুয়েলার ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে উদ্ধারকারী দলগুলো দিনরাত কাজ করে যাচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে চালানো হচ্ছে জোর তৎপরতা। আর প্রিয়জনের অপেক্ষায় ধ্বংসস্তূপের পাশে প্রহর গুনছেন লুকাস ত্রেহোর মতো হাজারো অসহায় মানুষ।
