বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের মাঝেই ফুটবলকে বিদায় জানালেন কিংবদন্তি গোলরক্ষক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৫:৩৫ পিএম
expand
বিশ্বকাপের মাঝেই ফুটবলকে বিদায় জানালেন কিংবদন্তি গোলরক্ষক

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া। বিশ্বকাপের মঞ্চে অসাধারণ সব সেভের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই তারকা গোলকিপার ৪০ বছর বয়সে দেশের জার্সিতে শেষ ম্যাচ খেললেন।

বৃহস্পতিবার (২৫ জুন) চেকিয়ার বিপক্ষে ম্যাচে শুরু থেকে মাঠে নামানো হয়নি ওচোয়াকে। ম্যাচের ৭৭তম মিনিটে বদলি হিসেবে তাকে নামানো হয়। মাঠে নামার সঙ্গে সঙ্গে অ্যাজটেক স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে সম্মান জানান। ম্যাচের বাকি সময় তিনি কোনো গোল হজম করেননি।

খেলা শেষে আবেগাপ্লুত হয়ে পড়েন ওচোয়া। পরে সতীর্থরা তাকে কাঁধে তুলে বিদায়ী সম্মান জানান। তার মুখে ফুটে ওঠে দীর্ঘ ক্যারিয়ারের তৃপ্তি ও আনন্দের ছাপ।

বিশ্ব ফুটবলে ওচোয়ার নাম সবচেয়ে বেশি আলোচিত হয় ২০১৪ সালের বিশ্বকাপে। বিশেষ করে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে একের পর এক অবিশ্বাস্য সেভ করে তিনি বিশ্বজুড়ে প্রশংসা কুড়ান। সেই ম্যাচে প্রায় ছয়টি দুর্দান্ত সেভ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত ও ভাইরাল হয়ে ওঠেন তিনি।

যদিও ২০০৬ সাল থেকেই মেক্সিকো জাতীয় দলের সঙ্গে ছিলেন, বিশ্বকাপের মূল মঞ্চে নিয়মিত সুযোগ পান ২০১৪ সালে। এরপর ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপেও মেক্সিকোর গোলবার সামলেছেন তিনি। বিশ্বকাপ এলেই তার দুর্দান্ত গোলকিপিং দেখার অপেক্ষায় থাকতেন ফুটবলপ্রেমীরা।

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ওচোয়া মেক্সিকোর অন্যতম সফল ও জনপ্রিয় গোলরক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো মেক্সিকান ফুটবলের একটি স্মরণীয় অধ্যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup