

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার গ্রুপ পর্বের শেষ ম্যাচের রেফারির দায়িত্ব পেয়েছেন রোমানিয়ার অভিজ্ঞ রেফারি ইস্তভান্স কোভাচস। সম্প্রতি ইউরোপীয় ফুটবলে একাধিক বিতর্কিত সিদ্ধান্তের কারণে তিনি আবারও সমালোচনা ও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।
এরই মধ্যে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই নকআউট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে জর্ডানের বিপক্ষে এই ম্যাচটি তাদের জন্য মূলত আনুষ্ঠানিকতার। তবে রেফারি নিয়োগ ঘিরে ম্যাচটি আলাদা গুরুত্ব পাচ্ছে।
৪১ বছর বয়সী কোভাচ চলতি বিশ্বকাপে এর আগে জাপান ও তিউনিসিয়ার মধ্যকার ম্যাচ পরিচালনা করেন, যা ছিল বিশ্বকাপ ইতিহাসের এক হাজারতম ম্যাচ। সেই ম্যাচে জাপান ৪–০ গোলে জয় পায়। দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি কঠোর শৃঙ্খলাপরায়ণ রেফারি হিসেবে তার পরিচিতি রয়েছে।
তবে সাম্প্রতিক সময়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে এফসি বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচে তার একাধিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। একটি সম্ভাব্য লাল কার্ড ও হ্যান্ডবলের সিদ্ধান্ত এড়িয়ে যাওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরবর্তীতে ভিএআর-এর হস্তক্ষেপে সিদ্ধান্ত পরিবর্তন হলেও বিষয়টি নিয়ে সমালোচনা থেমে থাকেনি।
ওই ঘটনার পর ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তাকে চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো থেকে সরিয়ে দেয় বলে জানা যায়। ফলে বিশ্বকাপ মঞ্চে তার প্রত্যাবর্তন নতুন করে বিস্ময় তৈরি করেছে ফুটবল বিশ্লেষকদের মধ্যে।
এদিকে ২০২৬ বিশ্বকাপে নতুন একটি নিয়ম নিয়েও চলছে বিতর্ক। ‘মুখ ঢেকে রাখা’ আচরণের জন্য সরাসরি লাল কার্ড দেওয়ার ক্ষমতা রেফারিদের হাতে থাকায় খেলোয়াড়দের আচরণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠেছে। কোভাচের মতো কঠোর মেজাজের রেফারির উপস্থিতিতে এই নিয়ম প্রয়োগ আরও আলোচনার জন্ম দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রেফারি হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে কোভাচ ইউরোপের এলিট পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে শত শত ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। তবে গড় কার্ড প্রদানের উচ্চ হার তাকে ‘কঠোর রেফারি’ হিসেবে পরিচিতি দিয়েছে।
ম্যাচ অফিসিয়ালদের তালিকায় কোভাচকে মনোনীত করেছেন ফিফার রেফারিং প্রধান ও সাবেক বিশ্বখ্যাত রেফারি পিয়েরলুইগি কল্লিনা। তার মতে, এই নিয়োগ সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হলেও কোভাচের জন্য এটি একটি বিশেষ মুহূর্ত।
তবে বিতর্কের পাশাপাশি ইউরোপের অন্যতম অভিজ্ঞ রেফারি হিসেবেও পরিচিত কোভাচ। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে এখন পর্যন্ত ৩২১টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। এসব ম্যাচে দেখিয়েছেন ১,৭৩৯টি হলুদ ও ৫৫টি লাল কার্ড।
চ্যাম্পিয়নস লিগে তার অভিজ্ঞতার ঝুলিও সমৃদ্ধ। ইতোমধ্যে ৩৭টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি, যার মধ্যে রয়েছে ২০২৫ সালের ফাইনাল। এছাড়া ২০২১-২২ মৌসুমের উয়েফা কনফারেন্স লিগ এবং ২০২৩-২৪ মৌসুমের উয়েফা ইউরোপা লিগের ফাইনালেও দায়িত্ব পালন করেছেন এই রেফারি।
আর্জেন্টিনা–জর্ডান ম্যাচে কোভাচকে সহায়তা করবেন তার স্বদেশি সহকারী রেফারি মিহাই মারিকা ও ফেরেঞ্চ তুনইয়োগি। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন মৌরিতানিয়ার দাহানে বেইদা এবং রিজার্ভ সহকারী রেফারি থাকবেন অ্যাঙ্গোলার জেরসন সান্তোস।
সব মিলিয়ে ম্যাচটি মাঠের লড়াইয়ের চেয়ে বেশি নজর কাড়ছে রেফারি ইস্যু ঘিরে। কোভাচের অতীত বিতর্ক ও কঠোর রেফারিং স্টাইল এই ম্যাচকে বাড়তি আলোচনায় নিয়ে এসেছে ফুটবল বিশ্বে।
