

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানের বিশ্বকাপ দলকে ঘিরে আরোপ করা ভ্রমণ-নিষেধাজ্ঞায় কিছুটা শিথিলতা এনেছে যুক্তরাষ্ট্র। এখন থেকে ম্যাচের দুই দিন আগে স্বাগতিক দেশে প্রবেশ করতে পারবে ইরান। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।
তবে এই ছাড় সীমিতই থাকছে। শুক্রবার সিয়াটলে মিসরের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পরই দলটিকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইরান ফুটবল ফেডারেশনও নিশ্চিত করেছে, বুধবার মেক্সিকোর তিহুয়ানায় থাকা বেস ক্যাম্প ছেড়ে সিয়াটলের উদ্দেশে রওনা দেবে দল।ফুটবল বিষয়ক
হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেছেন, ইরানের প্রথম দুই দফার যাতায়াত নির্বিঘ্নে হওয়ায় দীর্ঘ ভ্রমণ বিবেচনায় অতিরিক্ত এক দিন সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্বকাপ চলাকালে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতির মধ্যেই নানা ধরনের বিধিনিষেধের মুখে পড়েছে ইরান। প্রথম দুই ম্যাচের জন্য লস অ্যাঞ্জেলেসে খেলতে গেলেও দলটিকে ম্যাচের মাত্র এক দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।
এছাড়া দলের বেস ক্যাম্প অ্যারিজোনার টাকসন থেকে সরিয়ে নেওয়া হয় মেক্সিকোয়। ইরান ফুটবল ফেডারেশনের কয়েকজন কর্মকর্তা ও সাপোর্ট স্টাফকেও দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
অবশ্য ম্যাচের এক দিন আগে ভ্রমণ করা বিশ্বকাপে অস্বাভাবিক কিছু নয়; ফিফার নিয়মের সঙ্গেও তা সামঞ্জস্যপূর্ণ। কিন্তু স্বাগতিক শহরের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া ও ম্যাচের পর পর্যাপ্ত বিশ্রামের জন্য অতিরিক্ত সময় চেয়েছিল ইরান।
রোববার বেলজিয়ামের বিপক্ষে ড্রয়ের পর ইরানের উইঙ্গার আলিরেজা জাহানবাখশও দ্রুত সিয়াটলে পৌঁছানোর আশা প্রকাশ করেছিলেন।
মিসরের বিপক্ষে ম্যাচের আগে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা খুব বেশি কিছু চাই না। অন্য ৪৭টি দল যে সুবিধা পাচ্ছে, শুধু সেটাই চাই। আশা করি, দলের সঙ্গে জড়িত সবাইকে নিয়ে যেতে পারব এবং প্রয়োজনীয় সহায়তা পাব।’
