

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের ব্যস্ততার মধ্যেই ব্যক্তিগত শোকের মুখোমুখি হয়েছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি ফ্রান্সে ফিরে যাচ্ছেন। ফলে নরওয়ের বিপক্ষে দলের শেষ গ্রুপ ম্যাচে ডাগআউটে থাকছেন না তিনি।
মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ)। সংস্থাটি জানিয়েছে, শুক্রবার অনুষ্ঠিতব্য ‘আই’ গ্রুপের শেষ ম্যাচের আগে দলের অনুশীলনেও থাকতে পারবেন না দেশম।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সকালে মায়ের মৃত্যুসংবাদ পান ফ্রান্স কোচ। শেষকৃত্যে অংশ নিতে তিনি দেশে ফিরে যাচ্ছেন।
ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালিওর সঙ্গে আলোচনা করে দেশম সাময়িকভাবে দলের দায়িত্ব তুলে দিয়েছেন সহকারী কোচ গাই স্টেফেনের হাতে। দেশম ফিরে না আসা পর্যন্ত তিনিই দল পরিচালনা করবেন।
মাঠের পারফরম্যান্সে দারুণ ছন্দেই রয়েছে ফ্রান্স। প্রথম দুই ম্যাচে সেনেগালকে ৩-১ ও ইরাককে ৩-০ গোলে হারিয়ে এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা।
শুক্রবার রাতে নরওয়ের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটি তাই অনেকটা আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। তবে দলের প্রধান কোচের ব্যক্তিগত এই শোকের ঘটনায় ফ্রান্সের বিশ্বকাপ শিবিরে নেমে এসেছে বিষণ্নতার ছায়া।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ইউয়েফা নেশন্স লিগের খেলা চলাকালে নিজের বাবাকে হারানোর খবর পেয়েছিলেন দেশম।
