বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিধানেও ঠাঁই হয়েছে ফুটবল জাদুকর পেলের নাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৯:০৮ পিএম
ফুটবল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ কিংবদন্তি পেলে
expand
ফুটবল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ কিংবদন্তি পেলে

ফুটবল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ কিংবদন্তি পেলে আর আমাদের মাঝে নেই। তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কয়েকবছর আগেই। তবে তার বিদায় শুধু শারীরিক; মাঠে তার অসামান্য কৃতিত্ব ও বিস্ময়কর অবদান তাকে চিরকাল স্মরণীয় করে রাখবে। ফুটবলের প্রথম বিশ্বব্যাপী সুপারস্টার হিসেবে বিবেচিত এই ব্রাজিলিয়ান মহাতারকার বহু রেকর্ড এখনও অক্ষত রয়েছে, যা তাকে অনন্য উচ্চতায় আসীন করেছে।

এবার সেই অনন্যতা পেল নতুন স্বীকৃতি। ‘অসাধারণ’, ‘অতুলনীয়’ কিংবা ‘অপ্রতিদ্বন্দ্বী’—এই ধরনের বিশেষণের সমার্থক হিসেবে ‘পেলে’ নামটি যুক্ত হয়েছে অভিধানে।

বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। পাশাপাশি পেলের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও জানানো হয়েছে, প্রথমবারের মতো পর্তুগিজ ভাষার অভিধানে ‘পেলে’ শব্দটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয় পর্তুগিজ অভিধান ‘মিখাইলাস’-এ স্বতন্ত্র শব্দ হিসেবে যুক্ত হয়েছে ‘পেলে’। অভিধান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ‘পেলে’ শব্দটিকে এমন একটি বিশেষণ হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা দিয়ে অসাধারণ বা তুলনাহীন কিছু বোঝানো হবে। ফলে এখন থেকে পর্তুগিজ ভাষাভাষীরা এসব গুণ বোঝাতে ‘পেলে’ শব্দটি ব্যবহার করতে পারবেন।

এই স্বীকৃতির পেছনে ছিল পেলে ফাউন্ডেশনের উদ্যোগ। তারা একটি ক্যাম্পেইনের মাধ্যমে পেলের নাম অভিধানে অন্তর্ভুক্ত করার দাবি তোলে। এতে প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ সমর্থন জানিয়ে স্বাক্ষর করেন। এর পরিপ্রেক্ষিতেই শুরু হয় আনুষ্ঠানিক প্রক্রিয়া।

গত ২৬ এপ্রিল মিখাইলাসের প্রকাশক এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিগগিরই অভিধানের ডিজিটাল সংস্করণে ‘পেলে’ শব্দটি যুক্ত করা হবে এবং পরবর্তীতে প্রিন্ট সংস্করণেও এটি অন্তর্ভুক্ত করা হবে।

গত বছরের ডিসেম্বরে ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন পেলে। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন। তিনবারের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তিকে ব্রাজিলের সাও পাওলো শহরে সমাহিত করা হয়।

মাঠের বাইরে গিয়েও ‘পেলে’ এখন একটি প্রতীকে পরিণত—যার অর্থ, সেরা হওয়ার অন্য নাম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন