

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কার সামনে ১৩১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছিল পাকিস্তান। তবে তা যথেষ্ট হয়নি। পাকিস্তানের দেয়া সেই লক্ষ্য ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা। এ জয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি।
শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পায় পাকিস্তান। শুরুটা অবশ্য তাদেরও স্বস্তির ছিল না। ৫২ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। এমন অবস্থায় অধিনায়ক ফাতিমা সানা হাল ধরেন।
দলের রান বাড়ানোর পাশাপাশি শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকেন ফাতিমা। ৩৬ বলের ইনিংসে চারটি চার ও দুটি ছক্কা মেরে অপরাজিত থাকেন ৪৭ রানে। তার এই ইনিংসে ভর করেই নির্ধারতি ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করতে সক্ষম হয় পাকিস্তান।
পাকিস্তানের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় শ্রীলঙ্কা। ৩৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। পাকিস্তানের অধিনায়ক ফাতিমা নিজেই তুলে নেন দুটি উইকেট। সেই মুহূর্তে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি পাকিস্তানের হাতে চলে গেছে বলেই মনে হচ্ছিল।
এমনকি ভারত-পাকিস্তান ফাইনালের সম্ভাবনাও তখন উজ্জ্বল হয়ে উঠেছিল। কিন্তু হাল ছাড়েনি শ্রীলঙ্কা। পঞ্চম উইকেটে হর্ষিতা সমরবিক্রম ও কবিশা দিলহারির জুটি ম্যাচের গতিপথ পাল্টে দেয়।
হর্ষিতা ৩১ বলে ৩৬ রান করেন। এরপর কবিশাও দায়িত্বশীল ব্যাটিংয়ে যোগ করেন ৩৩ রান, খেলেন ৩৩ বল। দুজনের জুটিতে শ্রীলঙ্কা ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে। রান তাড়ার চাপ কমে আসে, বাড়তে থাকে তাদের জয়ের সম্ভাবনা।
পাকিস্তানও অবশ্য লড়াইয়ে ফেরার চেষ্টা করেছে। দ্বিতীয় স্পেলে ফিরে ফাতিমা হর্ষিতা ও কবিশা—দুজনকেই সাজঘরে ফেরান। কিন্তু ততক্ষণে শ্রীলঙ্কার জয়ের ভিত তৈরি হয়ে গেছে।
শেষ দিকে আর কোনো বড় বিপদ হতে দেননি নীলাক্সিকা সিলভা ও কৌশিনী নুত্যাঙ্গন। নীলাক্সিকা ১৮ এবং কৌশিনী ১০ রানে অপরাজিত থাকেন। ১৮.৪ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলঙ্কা।
ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও পাকিস্তানের সেরা ছিলেন ফাতিমা। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রানে অপরাজিত থাকার পর বল হাতেও চার উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি।
আগামী রোববার ফাইনালে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।



