শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা না উঠলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম
বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার অনুষ্ঠানে প্রতিমন্ত্রী। ছবি: এনপিবি নিউজ
expand

বাংলাদেশ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর রাজনৈতিক কর্মসূচি পালনেরও সুযোগ নেই।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধঘোষিত সংগঠন। আইন অনুযায়ী তাদের সভা-সমাবেশ করা বা দলীয় কার্যালয় খোলার সুযোগ নেই। তারা আইন অমান্য করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করা। এসব নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য করতে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে।

মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য বাজেটে প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশনও প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

সংশোধিত আইনের বিষয়ে তিনি বলেন, এবার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন বা জাতীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকছে না। নির্বাচন হবে সাধারণ প্রতীকে। তবে মাঠপর্যায়ে দলের শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি একক প্রার্থীকে সমর্থনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। কোনো ইউনিয়নে একাধিক প্রার্থী থাকলে স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করা হবে। তা সম্ভব না হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

বগুড়ার ইপিজেড, বিমানবন্দর ও বগুড়া-সিরাজগঞ্জ রেলপথসহ বড় উন্নয়ন প্রকল্পগুলোর কাজ শুরুর বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদ মাত্র ছয় মাস হয়েছে। বড় প্রকল্প বাস্তবায়নের আগে নিয়ম অনুযায়ী প্রশাসনিক বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে। তবে ডিসেম্বরের মধ্যে বগুড়াবাসী এসব প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন।

এর আগে প্রতিমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় শিবগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি মোকামতলায় শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চবিদ্যালয়ের জন্য দুটি স্কুল বাস বিতরণ করেন প্রতিমন্ত্রী।

এ সময় শিবগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank