

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক উসমান গনিকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আটোয়ারী থানা পুলিশ।
জানা গেছে, গ্রেপ্তার ছাত্রলীগ নেতা উসমান গনি আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের প্রেসিডেন্টপাড়া এলাকার জয়নুদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণার মাধ্যমে ঝটিকা মিছিলের প্রস্তুতি এবং গভীর রাতে গোপন বৈঠকের অভিযোগে গত মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও সদর থানায় দুটি মামলা করা হয়। পুলিশের করা ওই দুই মামলায় মোট ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় ৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ৩১ আগস্ট ভোররাতে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালন্দর ইউনিয়নের তেলিপাড়া এলাকায় গ্রামীণ চক্ষু হাসপাতালের সামনে কয়েকজন নেতা-কর্মী জড়ো হন। একই দিন রাতেও ঠাকুরগাঁও শহরের আর্ট গ্যালারি সিঙ্গার শোরুমের সামনের সড়কে তাঁদের জড়ো হওয়ার অভিযোগ করা হয়েছে।
পুলিশের দাবি, ওই দুটি ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা গোপন বৈঠক করেন এবং সরকারবিরোধী স্লোগান দেওয়ার প্রস্তুতি নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাঁরা সেখান থেকে সরে যান। পরে মঙ্গলবার রাতে থানায় মামলা দুটি করা হয়।
প্রথম মামলাটি করেন ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলেমান গনি। সন্ত্রাসবিরোধী আইনে করা এ মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রয়েল বড়ুয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গনি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন ওরফে রাব্বি, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক ও সহসভাপতি মো. খাইরুল ইসলামসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়। এতে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়।
একই দিন রাতের ঘটনার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় মামলাটি করেন উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান। এ মামলায় ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির নেতা-কর্মীরা উসকানিমূলক প্রচারণা চালিয়ে এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জনমনে ভীতি সৃষ্টি ও সার্বভৌমত্ব বিনষ্ট করার উদ্দেশ্যে গভীর রাতে গোপনে জড়ো হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল।
এছাড়া, আটোয়ারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পূর্বের একটি মামলায় তাকে অজ্ঞাত আসামী হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান।
তিনি বলেন, গ্রেপ্তারের পর তাকে আটোয়ারী থানায় নিয়ে আসা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।



