শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে দুয়ারে খাবার পৌঁছে দিলেন এমপি হানজালা

​শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
expand

‘আমার কাছে কাউকে আসতে হবে না, আমি নিজেই খাবার পৌঁছে দেব’—নির্বাচনের আগে দেওয়া সেই কথার বাস্তবায়ন শুরু করলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। সম্প্রতি রাতের আঁধারে শিবচরের কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি।

​নির্বাচনী প্রচারণায় হযরত উমর (রা.)-এর শাসনব্যবস্থার উদাহরণ টেনে জনসেবার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, এই উদ্যোগকে তারই ধারাবাহিকতা হিসেবে দেখছেন স্থানীয়রা। এমপির ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা ছবি ও ভিডিওতে মধ্যরাতে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে তাঁর উপহার পৌঁছে দেওয়ার দৃশ্য উঠে আসে।

​উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কুতুবপুরের বয়োজ্যেষ্ঠ বাসিন্দা সমিরুন্নেছা। এমপির মাথায় হাত রেখে দোয়া করে তিনি বলেন, "আগে কখনো কোনো এমপিকে চোখেই দেখিনি, আর আজ নতুন এমপি নিজে খাবার নিয়ে আমার দুয়ারে হাজির। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন।"

​উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে ‘রিকশা’ প্রতীক নিয়ে লড়ে ৬৪,৯০৯ ভোট পেয়ে বিজয়ী হন সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

​প্রতিশ্রুতি পূরণের বিষয়ে সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা জানান, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি কথা তিনি বাস্তবায়নে বদ্ধপরিকর। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার পূরণে তিনি সবার কাছে কিছুটা সময় ও সমর্থন কামনা করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank