মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে সফর বাতিল করছে ভারত!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৯:২৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চলতি বছর বাংলাদেশে ভারতের পূর্বনির্ধারিত সিরিজ নিয়ে অনিশ্চয়তার আভাস। এবার আফগানিস্তানের সঙ্গে সিরিজের সূচি ঠিক করল ভারত। দুইটি সিরিজের সময়সূচি কাছাকাছি হওয়াতে সৃষ্টি হয়েছে এই অনিশ্চয়তার।

ভারতের বিপক্ষে দিল্লিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা নিশ্চিত করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)।

সোমবার (১০ আগস্ট) পাঠানো এক চিঠিতে তারা জানিয়েছে, ১৩, ১৫ এবং ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে দেশ দুটি। এসিবির তথ্যমতে– এই সূচিতে খেলার বিষয়ে সম্মতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

পরবর্তীতে ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়, আফগান বোর্ডের আনুষ্ঠানিক বক্তব্যের ফলে ভারতীয় দলের বাংলাদেশ সফরের সম্ভাবনা কার্যত বাতিল হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাদা বলে ৬ ম্যাচের সিরিজের জন্য ১ থেকে ১৩ সেপ্টেম্বর সময়সীমা নির্ধারণ করেছিল। আফগান সিরিজের অন্তত একটি ম্যাচের সময়সূচি ওই সময়ের সঙ্গে সাংঘর্ষিক। বিসিবির প্রস্তাবিত তারিখের আর তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকায়, এখন এই সিরিজটি প্রায় ভেস্তে গেছে বলেই মনে হচ্ছে।

অবশ্য দুই দেশের সরকারের পক্ষ থেকে শেষ মুহূর্তে কোনো অপ্রত্যাশিত নির্দেশনা এলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। এ বিষয়ে ক্রিকবাজ বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করলেও, এখনও জবাব পায়নি। এসিবি জানিয়েছে, ‘যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এই আয়োজন নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে আফগানিস্তানের ভারত সফরের নির্ধারিত তারিখ ও ভেন্যুগুলোর আনুষ্ঠানিক নিশ্চয়তা হিসেবে এসিবি চিঠি জারি করছে। যাতে মিডিয়া স্বত্বাধিকারীরা ওই সময়সূচির ভিত্তিতে অগ্রিম পরিকল্পনা, সময় নির্ধারণ ও প্রযোজনা সংক্রান্ত আয়োজন, ব্যয় ও সরঞ্জাম বরাদ্দ, প্রচারণামূলক কার্যক্রম এবং অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতি এগিয়ে নিতে পারেন।’

বাংলাদেশ-ভারত সিরিজ বাতিলের বিষয়ে কথা না বললেও, আফগান সিরিজ পেছানোর ভিন্ন কারণ দেখালেন মিডিয়া স্বত্ব পাওয়া ‘আইটিডব্লিউ ইউনিভার্স’-এর সহ-প্রতিষ্ঠাতা ভৈরব শান্ত। তিনি বলেন, ‘এসিবি যদি খেলার সময়সূচি পরিবর্তনের কোনো বিষয় বিবেচনা করে থাকে, তবে সে বিষয়ে আমি এখনই কোনো মন্তব্য করতে চাই না। যদি সত্যিই এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তবে ভারতের সর্বত্র নতুন সূচনা, ভক্তি ও উদযাপনের দিন হিসেবে পরিচিত “গণেশ চতুর্থী”র সঙ্গে এই ঐতিহাসিক সিরিজটিকে মিলিয়ে নেওয়াটা হবে এসিবির পক্ষ থেকে অত্যন্ত বিবেচক ও সৌজন্যপূর্ণ পদক্ষেপ। যা ভারত ও আফগানিস্তানের মধ্যে ক্রিকেটের মাধ্যমে গড়ে ওঠা বন্ধুত্বেরই প্রতিফলন ঘটাবে।’

তিনি আরও বলেন, ‘এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুহূর্ত, কারণ এই প্রথমবার আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে ভারতের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন করছে। আমাদের বিশ্বমানের সহযোগীদের সঙ্গে নিয়ে আইটিডব্লিউ ইউনিভার্স এই সিরিজের সম্প্রচারের দায়িত্বে থাকবে এবং এমন সব দৃশ্যমান ও গল্প-বর্ণনা সংক্রান্ত নতুনত্ব নিয়ে আসবে, যা এর আগে দর্শকরা কখনও উপভোগ করেননি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন