

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের উদীয়মান ক্রিকেটার ও আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের ব্যাটার অভিষেক পোড়েলকে ধর্ষণসহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। এক মেডিকেল ছাত্রীর দায়ের করা মামলায় হাইকোর্টের নির্দেশের পর তাকে আটক করা হয়। যদিও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন এই বাঁহাতি ব্যাটার। বিষয়টি জানিয়েছে এনডিটিভি।
এ প্রসঙ্গে হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুনওয়ার ভূষণ সিং জানান, কলকাতার দমদম থানার আওতাধীন ইমামি সিটি এলাকা থেকে অভিষেককে আটক করা হয়েছে। এর আগে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ বাস্তবায়ন করেই পুলিশ এই পদক্ষেপ নিয়েছে।
মামলার বাদী এক মেডিকেল ছাত্রীর অভিযোগ, গত তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আশ্বাস দিয়ে অভিষেক তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতির পাশাপাশি তাকে মারধর করা হয়েছে এবং ভয়ভীতিও দেখানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অস্বীকার করে আসছেন অভিষেক পোড়েল।
বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটার ২০২৩ সাল থেকে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন। এর আগে ভারতের ‘এ’ দলের হয়ে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফরও করেছেন। ঘরোয়া ক্রিকেটে ২০২১-২২ মৌসুমে বেঙ্গলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার। এখন পর্যন্ত তিনি ৩২টি প্রথম শ্রেণির ও ২৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন।
ভারতীয় ক্রিকেটের সম্ভাবনাময় ব্যাটার হিসেবে বিবেচিত অভিষেকের সামনে জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল। তবে চলমান আইনি প্রক্রিয়া তার ক্রিকেট ক্যারিয়ারে কী প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।

