

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তানি ক্রিকেটার হামজা নজরকে ভিসা আবেদন প্রক্রিয়ায় ভুল ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একইসঙ্গে তাকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) এক বিবৃতিতে পিসিবি জানায়, ভিসা আবেদনের সময় বোর্ডের কাছে হামজা নজর অসম্পূর্ণ ও ভুল তথ্য জমা দিয়েছিলেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু তথ্য গোপন রাখারও প্রমাণ মিলেছে। অভিযোগের তদন্তে এসব বিষয় সামনে আসার পরই তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘটনাটি তদন্ত করতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল পিসিবি। তদন্ত চলাকালে হামজা নজরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় এবং অভিযোগের বিষয়ে নিজের ব্যাখ্যা উপস্থাপনের সুযোগও পান তিনি।
তদন্ত কমিটির প্রতিবেদন, হামজার জবাব এবং মামলার সংশ্লিষ্ট সব তথ্য-প্রমাণ পর্যালোচনা করে শেষ পর্যন্ত তাকে দুই বছরের জন্য সব ধরনের দেশীয় ও আন্তর্জাতিক ক্রিকেট কার্যক্রম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় পিসিবি। পাশাপাশি তার ওপর ১০ লাখ পাকিস্তানি রুপি অর্থদণ্ডও আরোপ করা হয়েছে।
পিসিবি জানিয়েছে, ভুল তথ্য প্রদান, গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা কিংবা বিভ্রান্তিকর তথ্য জমা দেওয়ার মতো বিষয়গুলোকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। কারণ এসব কর্মকাণ্ড পাকিস্তান ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে প্রত্যাশিত সততা, পেশাদারিত্ব ও জবাবদিহিতার নীতির পরিপন্থী।
বোর্ড আরও জানিয়েছে, পাকিস্তান ক্রিকেটে সর্বোচ্চ মানের শৃঙ্খলা ও সততা বজায় রাখতে তারা বদ্ধপরিকর। ভবিষ্যতেও এমন কোনো আচরণ, যা পাকিস্তান ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন করতে পারে বা কোটি কোটি সমর্থকের আস্থায় আঘাত হানতে পারে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই নিষেধাজ্ঞার ফলে আগামী দুই বছর পিসিবির অধীন কোনো ধরনের ক্রিকেট-সংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নিতে পারবেন না হামজা নজর।