

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মোবাইলে কোনো অ্যাপ ইনস্টল করার আগে সেটি সম্পর্কে ভালোভাবে যাচাই করা জরুরি। না বুঝে বা যাচাই-বাছাই ছাড়া অ্যাপ ডাউনলোড করলে ব্যক্তিগত তথ্য, আর্থিক তথ্য এমনকি ফোনের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, কিছু প্রতারণামূলক অ্যাপ ব্যবহারকারীর অজান্তেই ফোনে নজরদারি চালাতে সক্ষম।
বর্তমানে গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে লাখ লাখ অ্যাপ থাকলেও, অফিসিয়াল স্টোরে থাকা মানেই প্রতিটি অ্যাপ শতভাগ নিরাপদ- এমনটি ধরে নেওয়া ঠিক নয়। অনেক সময় জনপ্রিয় ডিজিটাল ওয়ালেট বা ক্রিপ্টোসেবার নাম ও আইকন নকল করে ভুয়া অ্যাপ তৈরি করা হয়, যার উদ্দেশ্য ব্যবহারকারীদের বিভ্রান্ত করা এবং সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়া।
সাইবার নিরাপত্তা গবেষকদের দাবি, এ ধরনের ২০টিরও বেশি সন্দেহজনক অ্যাপ শনাক্ত করা হয়েছে। তদন্ত অব্যাহত থাকায় ভবিষ্যতে এই তালিকা আরও দীর্ঘ হতে পারে। শনাক্ত হওয়া অ্যাপগুলোর মধ্যে রয়েছে- প্যানকেক সোয়াপ, ট্রাস্ট ওয়ালেট, হাইপারলিকুইড, রেডিয়াম, বুলএক্স ক্রিপ্টো, ওপেনওশান এক্সচেঞ্জ, মিটিওরা এক্সচেঞ্জ, সুশিসোয়াপ এবং হারভেস্ট ফাইন্যান্সের নাম ব্যবহার করা ভুয়া অ্যাপ।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এসব প্রতারণামূলক অ্যাপের মাধ্যমে অর্থ বা ব্যক্তিগত তথ্য হারিয়ে গেলে তা পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন হতে পারে। তাই কোনো অ্যাপ ইনস্টল করার আগে ডেভেলপারের পরিচয়, ব্যবহারকারীদের রিভিউ, ডাউনলোড সংখ্যা এবং প্রয়োজনীয় অনুমতিগুলো ভালোভাবে যাচাই করা উচিত। যদি ইতোমধ্যেই সন্দেহজনক কোনো অ্যাপ ইনস্টল করে থাকেন, তবে সেটি দ্রুত আনইনস্টল করার পাশাপাশি প্রয়োজন হলে গুরুত্বপূর্ণ পাসওয়ার্ডও পরিবর্তন করুন।
এদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডান্স অফ দ্য হিলারি’ নামে একটি কথিত ক্ষতিকর লিংক নিয়ে ব্যাপক আলোচনা হয়। দাবি করা হয়েছিল, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে এটি ছড়িয়ে সাইবার হামলার চেষ্টা করা হচ্ছে। তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এখন পর্যন্ত এমন কোনো লিংকের অস্তিত্বের প্রমাণ পাননি। তাদের মতে, যাচাইহীন তথ্য বা গুজবে আতঙ্কিত না হয়ে অচেনা লিংকে ক্লিক না করাই সবচেয়ে নিরাপদ অভ্যাস।