শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ২৫৬২ মিলিয়নে স্টেডিয়াম কিনে ইতিহাস শাহরুখ খানের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৪:২৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খানের ‘নাইট রাইডার্স গ্রুপ’ ক্রিকেট ইতিহাসে এক অভূতপূর্ব নজির গড়ল। আন্তর্জাতিক সীমানা ছাড়িয়ে বিশ্বের প্রথম ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি হিসেবে তারা তৈরি ও পরিচালনা করতে যাচ্ছে একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

নতুন এই ভেন্যুতে বুধবার রাতে উদ্বোধনী ম্যাচে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স মুখোমুখি হয়েছিল ওয়াশিংটন ফ্রিডমের। নিজেদের নতুন মাঠে অভিষেকটা সুখকর হয়নি শাহরুখ খানের দলের। আট উইকেটের ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে তাদের। তবে পরাজয়ের আড়ালেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল নতুন স্টেডিয়ামটি, যা যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বিকাশে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

প্রায় ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই আন্তর্জাতিক মানের স্টেডিয়ামটি আইসিসির সব ধরনের নিয়ম ও মানদণ্ড অনুসরণ করে তৈরি করা হয়েছে। মাঠের কেন্দ্রীয় স্কয়ারে রয়েছে আটটি পিচ, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নির্ধারিত পরিমাপের খেলার মাঠ এবং ১২০ ফুট উচ্চতার ছয়টি ফ্লাডলাইট টাওয়ার। নির্মাণকাজে প্রায় ৩২ হাজার মেট্রিক টনের বেশি মাটি স্থানান্তর করতে হয়েছে। আধুনিক অবকাঠামো ও প্রযুক্তিগত সুবিধার কারণে এটিকে উত্তর আমেরিকার ক্রিকেট অবকাঠামো উন্নয়নের অন্যতম বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

এই মাঠটির গুরুত্ব আরও বেড়ে গেছে আরেকটি কারণে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফিরে আসছে বহু বছর পর, আর সেই প্রতিযোগিতার ক্রিকেট ম্যাচগুলোর অন্যতম ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে এই স্টেডিয়াম। ফলে শুধু মেজর লিগ ক্রিকেট নয়, ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটেরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে এটি।

স্টেডিয়াম উদ্বোধনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন নাইট রাইডার্স গ্রুপের সহ-মালিক শাহরুখ খান। তিনি লিখেছেন, ‘যা একদিন শুধু একটি স্বপ্ন ছিল, আজ তা বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় খেলা ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ফেয়ারপ্লেক্স এবং নাইট রাইডার্সের অংশীদারত্ব শুধু একটি ক্রিকেট মাঠ তৈরির জন্য নয়, বরং এমন একটি জায়গা গড়ে তোলার জন্য, যেখানে খেলাধুলার পাশাপাশি বিনোদন, পরিবার এবং মানুষের স্মরণীয় মুহূর্তগুলো জায়গা করে নেবে। আমরা চাই এটি আগামী প্রজন্মের ক্রিকেটার ও সমর্থকদের অনুপ্রাণিত করুক।’

নাইট রাইডার্স স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ভেঙ্কি মহীশূরও এই প্রকল্পকে ফ্র্যাঞ্চাইজিটির বৈশ্বিক সম্প্রসারণের অন্যতম বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, এটি কেবল একটি স্টেডিয়াম নয়, বরং বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসারে নাইট রাইডার্সের দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তিনি বলেন, এমন একটি ভেন্যু গড়ে তোলাই তাদের লক্ষ্য ছিল, যেখানে খেলোয়াড়রা খেলতে আগ্রহী হবে, দর্শকেরা উপভোগ করবেন এবং স্থানীয় সম্প্রদায় এটিকে নিজেদের ক্রিকেটের স্থায়ী ঠিকানা হিসেবে গ্রহণ করবে।

স্টেডিয়ামটির প্রশংসা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)ও। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ভেন্যুর ছবি প্রকাশ করে জানিয়েছে, মেজর লিগ ক্রিকেটে অবশেষে নাইট রাইডার্সের নতুন স্টেডিয়াম যাত্রা শুরু করল, যা দেখতে দৃষ্টিনন্দন এবং আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

উদ্বোধনী আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলতে আনুষ্ঠানিক প্রথম বল করেন সাবেক এনবিএ চ্যাম্পিয়ন মেটা ওয়ার্ল্ড পিস, যিনি একসময় রন আর্টেস্ট নামে পরিচিত ছিলেন। সাবেক লস অ্যাঞ্জেলেস ল্যাকার্স তারকার উপস্থিতি যুক্তরাষ্ট্রের মূলধারার ক্রীড়াঙ্গনের সঙ্গে ক্রিকেটের বাড়তে থাকা সংযোগেরই প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

আগামী কয়েক দিনে মেজর লিগ ক্রিকেটের একাধিক ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হবে। আয়োজকদের বিশ্বাস, বিশ্বমানের এই ভেন্যুকে কেন্দ্র করে লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটের জনপ্রিয়তা আরও বাড়বে এবং যুক্তরাষ্ট্রে খেলাটির প্রসারে নতুন গতি যোগ হবে।

বর্তমানে শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রুপ বিশ্বের বিভিন্ন দেশে একাধিক ফ্র্যাঞ্চাইজির মালিক। তাদের অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্স, যারা তিনবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জিতেছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ট্রিনবাগো নাইট রাইডার্সও সবচেয়ে সফল দলগুলোর একটি। এবার সেই সফলতার পরিধি মাঠের বাইরেও বিস্তৃত হলো আন্তর্জাতিক মানের নিজস্ব ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের মাধ্যমে। অনেকের মতে, এটি শুধু নাইট রাইডার্স গ্রুপের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্রে ক্রিকেটের ভবিষ্যতের জন্যও একটি ঐতিহাসিক পদক্ষেপ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Australia VS Egypt
Scheduled
04 Jul, 12:00 AM
VS
World Cup