

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল। চোটের কারণে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না দলের মিডফিল্ডার লুকাস পাকেতা।
হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত হওয়ায় আগামী রোববার নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ থেকে ছিটকে গেছেন পাকেতা। বৃহস্পতিবার ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি সূত্র এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে।
সিবিএফের ওই সূত্র জানায়, চলতি বিশ্বকাপে পাকেতার আর মাঠে ফেরার সম্ভাবনা খুবই কম। তবে ব্রাজিল যদি ফাইনালে জায়গা করে নেয়, তাহলে ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে তাকে দেখা যেতে পারে।
চলতি আসরে কাসেমিরো ও ব্রুনো গিমারেশের সঙ্গে ব্রাজিলের মাঝমাঠের অন্যতম ভরসা ছিলেন পাকেতা। গত সোমবার হিউস্টনে জাপানের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ের ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি।
চোটের পর থেকেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এই মিডফিল্ডার। নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে কোচ কার্লো আনচেলত্তির দলে নিশ্চিতভাবে অনুপস্থিত থাকছেন পাকেতা। শেষ ষোলোর এই লড়াইয়ে ব্রাজিলের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে থাকবেন নরওয়ের তারকা স্ট্রাইকার এরলিং হালান্ড।
পাকেতার জায়গায় আনচেলত্তি একই ধরনের খেলোয়াড় হিসেবে দানিলো সান্তোসকে নামাতে পারেন। আবার তিনি চাইলে দলের সাজানো বদলেও দিতে পারেন। সেক্ষেত্রে এন্দ্রিক বা গাব্রিয়েল মার্তিনেল্লির মতো আক্রমণাত্মক কোনো খেলোয়াড়কে জায়গা দিতে পারেন তিনি।
এদিকে বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়া আলাদাভাবে অনুশীলন শুরু করেছেন। হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ঊরুর চোটে পড়ার পর থেকে তিনি মূল দলের বাইরে ছিলেন।
সূত্রটি জানিয়েছে, রোববারের আগ পর্যন্ত তার উন্নতির ওপর নির্ভর করছে তিনি বদলি খেলোয়াড় হিসেবে দলে থাকবেন কিনা।


