শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সোশ্যাল মিডিয়ায় জুলাই ইস্যুতে বিতর্কের মধ্যেই ফারুকীর বিস্ফোরক স্ট্যাটাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১০:৫৬ পিএম আপডেট : ০২ জুলাই ২০২৬, ১১:০১ পিএম
মোস্তফা সরয়ার ফারুকী | ছবি: সংগৃহীত
expand
মোস্তফা সরয়ার ফারুকী | ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিতর্কের মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেছেন, একাত্তরের পর বাংলাদেশের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থানই সবচেয়ে বড় ‘রেডলাইন’।

বৃহস্পতিবার (০২ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফারুকী লেখেন, ‘কিছু কিছু ক্ষেত্রে রেডলাইন ক্রস করা তো দূরের কথা, স্পর্শও করা উচিত নয়। একাত্তর আমাদের সবচেয়ে বড় রেডলাইন। এর পর এই জমিনের মানুষের ইতিহাসের সবচেয়ে বড় গণঅভ্যুত্থান জুলাই। এটিও আমাদের আরেকটি রেডলাইন।’

তিনি আরও লেখেন, ‘জুলাই কেবল সরকার পরিবর্তনের ঘটনা ছিল না। এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণের সবচেয়ে বড় রায়। মূলধারার রাজনীতিবিদরা যদি বিষয়টি না বোঝেন, তাহলে সেটি দুঃখজনক।’

জুলাই ইস্যুতে স্পষ্ট অবস্থান নেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের প্রশংসাও করেন ফারুকী।

তিনি লেখেন, ‘এ বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং এর সভাপতি রাকিবুল ইসলামকে প্রশংসা করতেই হবে।’

পোস্টে তিনি আরও বলেন, ‘যে প্রজন্ম বাংলাদেশের বুকে জুলাই এনেছে, তাদের সংখ্যা, সক্ষমতা এবং নেটওয়ার্ক বুঝতে অনেকেই ব্যর্থ হচ্ছেন। এই প্রজন্মের আকাঙ্ক্ষা যারা বুঝতে পারবে, তারাই ভবিষ্যতের রাজনীতি গড়বে। আর যারা বুঝতে পারবে না, তারা রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে দেউলিয়া হয়ে পড়বে।’

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘লিখে রাখতে পারেন আমার এই কথাটা।’

প্রসঙ্গত, সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার মনির বক্তব্যকে প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই ফারুকীর এই পোস্ট নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Austria
Scheduled
03 Jul, 01:00 AM
VS
World Cup