সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও লোডশেডিং নিয়ে যে সিদ্ধান্ত এল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১২:৩৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ বিভাগের মতবিনিময় ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জুনে গ্রাহকদের অতিরিক্ত বিলের অভিযোগ ও লোডশেডিং নিয়ে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে ভার্চুয়ালি জুম মিটিংয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিল সংক্রান্ত গ্রাহকের অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তি করতে বিতরণ সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। সেই সঙ্গে অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসার পেছনে বিতরণ সংস্থার কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অসদুপায় অবলম্বনের অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে গ্রাহকদের অতিরিক্ত বিলের অভিযোগ ও লোডশেডিং নিয়ে বৈঠক হয়। ভার্চুয়ালি অনুষ্ঠিত ওই সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার ছাড়াও সারা দেশের জেলা প্রশাসকগণ ও বিদ্যুৎ বিতরণী সংস্থা ও কোম্পানিগুলোর কর্মকর্তারা যুক্ত ছিলেন। সভায় অস্বাভাবিক বিলের অভিযোগ আসার কারণ উদঘাটন ও লোডশেডিং নিয়ে মাঠপর্যায়ের অভিজ্ঞতা জানতে চাওয়া হয়। সেই সঙ্গে সোলার সিস্টেমে নেট মিটার স্থাপনের সর্বশেষ হালনাগাদ অবস্থাও আলোচনায় উঠে আসে।

সভায় জানানো হয়, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সারা দেশে বিদ্যুৎ গ্রাহকদের একটি উল্লেখযোগ্য অংশ জুন মাসে অতিরিক্ত বিল পেয়েছেন মর্মে অভিযোগ উঠে এসেছে। বৈঠকে এ বিষয়ে বিতরণী কোম্পানিগুলোর প্রধানদের বক্তব্য জানতে চাওয়া হয়। এ বিষয়ে বিদ্যুৎ সচিব ডিসিদের কাছে অতিরিক্ত বিল সংক্রান্ত অভিযোগ আসছে কিনা, জানতে চাইলে তারা উল্লেখযোগ্য এমন অভিযোগ পাননি বলে জানান।

পরে বিদ্যুৎ সচিব বিল সংক্রান্ত গ্রাহকের অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিতরণ সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ ক্ষেত্রে করণিক ভুল হয়ে থাকলে সেগুলো দ্রুত সমাধান করতে বলা হয়েছে। তবে যদি বিতরণ সংস্থার কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অসদুপায় অবলম্বনের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও সাবধান করেন বিদ্যুৎ সচিব।

এদিন সভায় অভিযোগগুলো তদন্ত করে দ্রুত সমাধানের নির্দেশ দেয়ার পাশাপাশি গ্রাহকসেবার মানোন্নয়নে জোর দেয়ার অনুরোধ জানান বিদ্যুৎ সচিব। সেই সঙ্গে জেলায় রুফটপ সৌর বিদ্যুৎ চালুর বিষয়েও সভায় আলোচনা হয়। এ বিষয়ে প্রাপ্ত নির্দেশনার আলোকে কাজ করতে সব ডিসিগণ প্রস্তুত রয়েছেন বলে সভায় জানানো হয়। সেই সঙ্গে জনদুর্ভোগ নিরসনে সবাই আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন।

উল্লেখ্য, ইতোমধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ নিরসনে বিতরণ সংস্থার সঙ্গে সরাসরি বা হটলাইনে যোগাযোগের জন্য গ্রাহকদের অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ ক্ষেত্রে হটলাইন নম্বরগুলো হলো- বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা- ১৬৯৯৯, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কল সেন্টার- ১৬২০০, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (পবিবো) কল সেন্টার- ১৬৮৯৯, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কল সেন্টার- ১৬১১৬, ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (ডেসকো) কল সেন্টার- ১৬১২০, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) কল সেন্টার- ১৬৬০৩, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) কল সেন্টার- ১৬১১৭।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন