বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেপ ভার্দে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৯:২৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারটা মাঠের বাইরেও পেয়ে গেল ফ্রান্স। নকআউট পর্বে সুইডেনকে ৩-০ গোলে হারানোর পর ফিফা র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থান দখল করেছে দিদিয়ের দেশমের দল। ফলে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নেমে গেছে দুই নম্বরে। কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব ৩২ তে নিজেদের ম্যাচের আগেই এটি লিওনেল স্কালোনির দলের জন্য বড় ধাক্কা।

সম্প্রতি হালনাগাদ বিশ্ব র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। সেখানে ১৯১৬.২৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে এসেছে ফ্রান্স। আর্জেন্টিনার সংগ্রহ ১৯০৭.৪০ পয়েন্ট। ১৮৭৯.৫৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে স্পেন।

বিশ্বকাপ শুরুর আগে ফ্রান্স ছিল তিন নম্বরে। তখন তাদের রেটিং ছিল ১৮৬৯.৪৩ পয়েন্ট। গ্রুপ পর্বে টানা তিন জয় এবং শেষ ৩২-এর ম্যাচে সুইডেনকে হারানোর সুবাদে ধারাবাহিকভাবে রেটিং পয়েন্ট বাড়িয়েছে ফরাসিরা। শুধু সুইডেনের বিপক্ষে জয়ের জন্যই তারা পেয়েছে ৯.৪ রেটিং পয়েন্ট। সব মিলিয়ে তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৯১৬.২৪, যা শীর্ষে ফেরার জন্য যথেষ্ট হয়েছে।

অন্যদিকে বিশ্বকাপ শুরু করেছিল র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল হিসেবে আর্জেন্টিনা। টুর্নামেন্টের আগে তাদের পয়েন্ট ছিল ১৮৭৪.৮১। গ্রুপ পর্বে তিন ম্যাচেই জয় পেলেও শেষ ৩২-এর ম্যাচ এখনো খেলেনি লিওনেল মেসিদের দল। ফলে ফ্রান্সের অতিরিক্ত পয়েন্ট অর্জনের পর দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।

আগামী শনিবার (০৪ জুলাই) রাউন্ড অব ৩২-এর ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে সেই ম্যাচে বড় ব্যবধানে জয় পেলেও সঙ্গে সঙ্গে শীর্ষস্থান পুনরুদ্ধার করতে পারবে না স্কালোনির দল। কারণ, ফিফার রেটিং পদ্ধতিতে প্রতিটি ম্যাচের গুরুত্ব এবং প্রতিপক্ষের শক্তিমত্তা বিবেচনা করে পয়েন্ট নির্ধারণ করা হয়। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে প্রত্যাশিত জয় থেকে রেটিং পয়েন্ট কম পাওয়া যায়। আবার অপ্রত্যাশিত হার হলে বড় ধরনের পয়েন্ট কাটা যায়।

বিশ্বকাপের আগে পর্যন্ত ফ্রান্সই ছিল র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। তবে টুর্নামেন্ট শুরুর আগে প্রীতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরে তারা তৃতীয় স্থানে নেমে যায়। সেই সুযোগে আর্জেন্টিনা উঠে আসে এক নম্বরে, স্পেন ছিল দুইয়ে। বিশ্বকাপে টানা জয়ের ধারায় আবারও হারানো সিংহাসন ফিরে পেল ফরাসিরা।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশেও এসেছে কয়েকটি পরিবর্তন। ১৮৪০.৪৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ইংল্যান্ড। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল উঠে এসেছে পাঁচ নম্বরে। গ্রুপ পর্বে শতভাগ সাফল্যের পর শেষ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে ১৯.৭৩ রেটিং পয়েন্ট যোগ করেছে সেলেসাওরা। তাদের মোট পয়েন্ট এখন ১৮০৪.৯২।

এক ধাপ করে উন্নতি হয়েছে মরক্কো ও নেদারল্যান্ডসের। মরক্কো এখন ছয়ে এবং নেদারল্যান্ডস সাতে। যদিও শেষ ৩২ এর ম্যাচে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ডাচরা। অন্যদিকে তিন ধাপ পিছিয়ে আট নম্বরে নেমে গেছে পর্তুগাল।

সবচেয়ে বড় অগ্রগতি করেছে বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো। চার ধাপ এগিয়ে তারা উঠে এসেছে নবম স্থানে। বেলজিয়াম রয়েছে দশ নম্বরে।

ফিফার রেটিং এখন আগের তুলনায় আরও গতিশীল। ২০২৬ সালের মার্চ থেকে ম্যাচ চলাকালীন গোল হওয়ার সঙ্গে সঙ্গেই রেটিংয়ের হিসাব রিয়েল-টাইমে হালনাগাদ হচ্ছে। সর্বশেষ প্রকাশিত তালিকায় বাংলাদেশ আগের মতোই রয়েছে ১৮১তম স্থানে।

র‍্যাঙ্কিংয়ের ইতিহাসে একটি কৌতূহলোদ্দীপক তথ্যও আবার সামনে এসেছে। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে কোনো দল এখন পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। এবার সেই পরিসংখ্যান বদলাতে পারে কি না, তার উত্তর মিলবে টুর্নামেন্টের বাকি পথ পেরোনোর পর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Austria
Scheduled
03 Jul, 01:00 AM
VS
World Cup