বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

টালমাটাল বিসিবি, দুই বছরে চার সভাপতি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পিএম
বিসিবি লোগো
expand
বিসিবি লোগো

গত দুই বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেন এক রোলার কোস্টারের মতো ওঠা-নামা করেছে। সভাপতি এবং পরিচালকের পদে বারবার পরিবর্তন, নির্বাচন নিয়ে নানা অভিযোগ এবং কমিটি ভাঙার ঘটনা সব মিলিয়ে বোর্ডের পরিস্থিতি ছিল টালমাটাল।

২০২৪ সালে ‘জুলাই গণঅভ্যুত্থানে’ আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর ২১ আগস্ট তিনি পদত্যাগ করেন। সেই দিনই জাতীয় ক্রীড়া পরিষদের নির্ধারিত কোটা থেকে প্রথমে পরিচালক এবং পরে বোর্ড প্রধানের দায়িত্ব পান ফারুক আহমেদ।

তবে বিতর্ক ও নানা অভিযোগের কারণে মাত্র দশ মাসের মাথায় দায়িত্ব ছাড়তে হয় ফারুক আহমেদকে। এরপর গত বছর ২৯ মে তার মনোনয়ন বাতিল করে এনএসসি। তার পরিবর্তে অন্তবর্তীকালীন দায়িত্ব পান আমিনুল ইসলাম বুলবুল।

আড়াই মাসের মধ্যে আমিনুল ইসলাম অন্তর্বর্তীকালীন থেকে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নেন, যদিও তার নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। ফলে দুই বছর পূর্ণ হওয়ার আগে বোর্ডের আরও অস্থিরতা দেখা দেয়।

বিশেষ করে করে জাতীয় নির্বাচনের পর এই অস্থিরতা সামনে আসতে থাকে। বিএনপি সরকার গঠনের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে জানুয়ারিতে পদত্যাগ করেন পরিচালক ইশতিয়াক সাদেক। এ বছর ১১ মার্চ আমিনুল ইসলামের নেতৃত্বাধীন নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন করে সরকার। যার ১২ দিনের মাথায় দ্বিতীয় পরিচালক হিসেবে দায়িত্ব ছাড়েন আমজাদ হোসেন। চলতি এপ্রিলে আসে সবচেয়ে বড় ধাক্কা। তিন দিনের ব্যবধানে সরে দাঁড়ান আরও চার পরিচালক।

এদিকে ‘বিতর্কিত’ নির্বাচনের অনিয়ম তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য ক্লাব, জেলা-বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা চিঠি দিয়েছিলেন এনএসসিকে। সংগঠকদের আবেদন আমলে নিয়ে এনএসসি পাঁচ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল। ১৫ কার্যদিবসের মধ্যে সব পক্ষের সাক্ষাৎকার নিয়ে কমিটি এক হাজার পাতার প্রতিবেদন জমা দেয় ৫ এপ্রিল।

ওই প্রতিবেদন পর্যালোচনা করে আমিনুল ইসলামের পরিচালনা পর্ষদ বাতিল করে অ্যাডহক কমিটি গঠন করে এনএসসি। তামিম ইকবালের নেতৃত্বে গঠিত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহানী, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।

সব মিলিয়ে গত দুই বছরেরও কম সময়ে চারজন সভাপতি দেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্লেষকরা মনে করছেন, এই অস্থিরতার মূল কারণ হলো নির্বাচনী স্বচ্ছতার অভাব, প্রশাসনিক সংস্থান সীমিততা এবং রাজনৈতিক প্রভাব। এর প্রভাব কেবল নেতৃত্বের স্থায়ীত্ব নয়, ক্রিকেটের ভেতরের সংস্কৃতিতেও বড় ধরনের ধাক্কা দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন