বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসি থেকে সুখবর পেলেন একাধিক বাংলাদেশি ক্রিকেটার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৬:০৬ পিএম
বাংলাদেশ ক্রিকেট দল
expand
বাংলাদেশ ক্রিকেট দল

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের পর বাংলাদেশের ক্রিকেটে নতুন করে আত্মবিশ্বাসের সুর। সেই সাফল্যের প্রতিফলন দেখা গেল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও। নতুন র‌্যাঙ্কিং অনুযায়ী, একাধিক বাংলাদেশি ক্রিকেটার র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন। যাদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

সিরিজজুড়ে বল হাতে নিয়ন্ত্রিত পারফরম্যান্সে নজর কাড়েন মিরাজ। তিন ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও রাখেন অবদান। তার এই অলরাউন্ড নৈপুণ্যে ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ।

পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে যৌথভাবে সপ্তম স্থানে উঠে এসেছেন তিনি। একই সঙ্গে অলরাউন্ডারদের তালিকায়ও উন্নতি করে এখন দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।

বাংলাদেশ দলে উন্নতির ছোঁয়া লেগেছে আরও কয়েকজনের পারফরম্যান্সেও। তাসকিন আহমেদ বোলারদের তালিকায় ১২ ধাপ এগিয়ে ২৮তম স্থানে উঠেছেন। মুস্তাফিজুর রহমান এগিয়েছেন ১৩ ধাপ, অবস্থান এখন ৪৭তম। সবচেয়ে বড় লাফ দিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা ৬৫ ধাপ এগিয়ে তিনি এখন ৯৮তম।

ব্যাটারদের তালিকায়ও ইতিবাচক পরিবর্তন এসেছে। তানজিদ হাসান তামিম ৩১ ধাপ এগিয়ে ৫৫তম স্থানে উঠেছেন। আর লিটন দাস ১০ ধাপ এগিয়ে এখন ৮২তম।

এদিকে টি–টোয়েন্টি ফরম্যাটে আলো ছড়িয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে পারফরম্যান্সের ধারাবাহিকতায় বোলারদের তালিকায় ১১ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছেন তিনি। অলরাউন্ডারদের তালিকায়ও উন্নতি করে ক্যারিয়ার সেরা অবস্থানে, যৌথভাবে সপ্তম স্থানে আছেন।

একই দলে লকি ফার্গুসন ১৮ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৫১তম হয়েছেন। ব্যাটারদের তালিকায় ডেভন কনওয়ে চার ধাপ এগিয়ে ৭০তম স্থানে। এই তালিকার শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা।

দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডে দ্বিতীয় ম্যাচে ৩৩ রান করে অলরাউন্ডারদের তালিকায় ১১ ধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠেছেন। আর অটনিল বার্টম্যান ২৩ ধাপ এগিয়ে টি–টোয়েন্টি বোলারদের তালিকায় এখন ৭৩তম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন