বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বদলি হলেন ‘চাঁদাবাজি মুছে ফেলতে চাই’ বলা সেই এএসপি 

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১১:২১ পিএম
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম আনোয়ার
expand
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম আনোয়ার

নরসিংদীতে চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান নিয়ে আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম আনোয়ারকে জেলা পুলিশ থেকে সরিয়ে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।

দায়িত্ব পালনকালে শামীম আনোয়ার একের পর এক অভিযানের মাধ্যমে নরসিংদীর চাঁদাবাজি ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তাঁর এমন তৎপরতায় ব্যবসায়ী, পরিবহনশ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।

তবে ২০২৫ সালের ৪ অক্টোবর চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় তিনি হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে, যা একজন পুলিশ কর্মকর্তার ক্ষেত্রে বিরল ঘটনা হিসেবে বিবেচিত হয়।

এছাড়াও সম্প্রতি এক কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নুর মোহাম্মদ ওরফে নুরাকে ভারতে পালানোর সময় ধাওয়া করে গ্রেপ্তার করে তিনি ব্যাপক প্রশংসা কুড়ান। এর আগে পলাশে নারীযাত্রী ধর্ষণের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেপ্তার করে তিনি দক্ষতার পরিচয় দেন।

পেশাগত জীবনের আগের সময়গুলোতেও সাহসিকতার স্বাক্ষর রেখেছেন এই পুলিশ কর্মকর্তা। নরসিংদীতে দায়িত্ব পালনকালে তাঁর একটি বক্তব্য ব্যাপক আলোচনায় আসে— “নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই।”

এ সময় তিনি দুর্নীতিবাজ পুলিশ সদস্যদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন।

শামীম আনোয়ারের বদলির খবরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তাঁর কঠোর অবস্থানের কারণেই তিনি সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন