

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে হারের হতাশা কাটতে না কাটতেই নতুন দুঃসংবাদ পেল পাকিস্তান ক্রিকেট দল। দলের দুই পেসার মোহাম্মদ আব্বাস ও খুররম শেহজাদকে শাস্তি দিয়েছে আইসিসি।
আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আচরণবিধির লেভেল-১ ভঙ্গের দায়ে দুজনের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। খুররম শেহজাদকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। অন্যদিকে মোহাম্মদ আব্বাসকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। পাশাপাশি দুজনের নামের পাশেই যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।
আইসিসির আচরণবিধির ২.৫ ধারা অনুযায়ী, কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে অপমান করা বা উসকানিমূলক ভাষা, আচরণ কিংবা অঙ্গভঙ্গি প্রদর্শন করা শাস্তিযোগ্য অপরাধ।
মাঠের আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ ও রিচার্ড কেটেলবোরো, তৃতীয় আম্পায়ার জয়রামন মদনগোপাল অভিযোগ দায়ের করেন। পরে ম্যাচ রেফারি জেফ ক্রো অভিযোগ পর্যালোচনা করে দুই ক্রিকেটারকে শাস্তি দেন।
ঘটনাটি ঘটে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে। ১৭তম ওভারের দ্বিতীয় বলে শাই হোপ বোল্ড হওয়ার পর খুররম শেহজাদ তার সামনে গিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে উদযাপন করেন। অন্যদিকে, শেষ ব্যাটার জোমেল ওয়ারিকানকে আউট করার পর আগ্রাসী উদযাপন এবং উসকানিমূলক আচরণের কারণে শাস্তি পান মোহাম্মদ আব্বাস।
আইসিসি জানিয়েছে, গত ২৪ মাসে এই প্রথম ডিমেরিট পয়েন্ট পেয়েছেন আব্বাস ও খুররম। দুই ক্রিকেটারই অভিযোগ স্বীকার করায় এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।