

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের বিশিষ্ট ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ আশুরা উপলক্ষে মুসলিমদের আত্মপরিচয় ও স্বাতন্ত্র্যবোধ জাগ্রত করার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইসলামের স্বাতন্ত্র্যবোধ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মধ্যে এতটাই গভীর ছিল যে, ইবাদতের ক্ষেত্রেও যেন ইহুদিদের অনুকরণ না হয়, সে জন্য তিনি সাহাবিদের আশুরার দুটি রোজা রাখার নির্দেশনা দিয়েছিলেন।
পোস্টে শায়খ আহমাদুল্লাহ আক্ষেপ করে বলেন, আজ অনেক মুসলিম জাগতিক বিষয় থেকে শুরু করে জীবনবোধ, সংস্কৃতি ও মূল্যবোধের ক্ষেত্রেও অন্যদের অন্ধ অনুকরণ করছেন। এমনকি কিছু পাপাচারেও অনুকরণ করে গর্ববোধ করার প্রবণতা দেখা যাচ্ছে।
তিনি এ প্রসঙ্গে সহিহ বুখারি-এর একটি হাদিস উদ্ধৃত করে বলেন, রাসুল (সা.) পূর্ববর্তী জাতিদের অন্ধ অনুসরণের ব্যাপারে সতর্ক করেছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, মানুষ এমন পর্যায়ে পৌঁছাবে যে পূর্ববর্তীদের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করবে, এমনকি তারা গুইসাপের গর্তে প্রবেশ করলেও তাদের অনুসরণ করবে।
শায়খ আহমাদুল্লাহ বলেন, এটি কোনো প্রশংসাসূচক বক্তব্য নয়; বরং মুসলিম উম্মাহর জন্য একটি সতর্কবার্তা ও ভবিষ্যদ্বাণী।
পোস্টের শেষাংশে তিনি মুসলিমদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, যুগের স্রোতে নিজেদের পরিবর্তন না করে বরং ইসলামের আদর্শের আলোকে সমাজ ও সময়কে ইতিবাচকভাবে বদলানোর চেষ্টা করতে হবে। তিনি মহানবী (সা.)-এর মক্কার জাহিলিয়াতের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের উদাহরণ তুলে ধরে বলেন, উদাসীনতা কাটিয়ে আত্মপরিচয় পুনরুদ্ধারের সংগ্রামই হোক এবারের আশুরার অঙ্গীকার।
