

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ব্রাজিলের জার্সি পরে বিশ্বকাপের ম্যাচ দেখতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের ম্যাচ উপলক্ষে উপস্থিত ছিলেন তিনি।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে সাকিবকে ব্রাজিলের জার্সি পরিহিত অবস্থায় দেখা যায়। ছবিটি শেয়ার করেন নেইমারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত রবিন মিয়া।
ছবিতে সাকিবের পরা জার্সিতে একটি স্বাক্ষরও দেখা গেছে, যা অনেকের মতে ব্রাজিলিয়ান তারকা নেইমারের হতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
কয়েক দিন আগে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন, তিনি ব্রাজিলের ম্যাচ মাঠে বসে দেখবেন এবং ব্রাজিলের জার্সিও কিনবেন। সেই পরিকল্পনারই বাস্তব প্রতিফলন দেখা গেল বিশ্বকাপের এই ম্যাচে।
ফুটবলে দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত সাকিব। বিভিন্ন সময় তিনি আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি নিজের সমর্থনের কথা প্রকাশ করেছেন। ক্লাব ফুটবলেও স্প্যানিশ ক্লাব বার্সেলোনার প্রতি তার সমর্থনের বিষয়টি সুপরিচিত।
তবে বিশ্বকাপের ম্যাচ উপলক্ষে ব্রাজিলের জার্সি পরে স্টেডিয়ামে উপস্থিত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
