

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কোনো মুসলমানের মৃত্যু হলে তার গোসল, কাফন ও দাফনের ব্যবস্থা করা অন্য মুসলিমের উপর ফরজে কেফায়া। মানুষ মারা যাওয়ার সর্বপ্রথম যে প্রয়োজনীয়তা দেখা দেয়, সেটা গোসল। এই গোসলের শতসিদ্ধ নিয়ম আমরা সবাই জানি। নারীদের গোসল করাবে নারীরা , পুরুষের বেলায় পুরুষ। তবে অনেকের মনে এক্ষেত্রে একটা প্রশ্ন জাগে—স্ত্রী তার সদ্য মৃত স্বামীকে গোসল করাতে পারবে কিনা?!
এনপিবির পাঠকদের জন্য এখানে সেই প্রশ্নের জবাব তুলে ধরা হলো—
শরিয়া বিশ্লেষকদের মতে, স্বামী মারা গেলে স্ত্রীর জন্য তাকে গোসল করানো জায়েয আছে।
হাদিসে আছে, আবদুল্লাহ ইবনে আবু বকর রা. বলেন- আবু বকর সিদ্দীক রা.-এর ইন্তেকালের পর তার স্ত্রী আসমা বিনতে উমাইস রা. তাকে গোসল দিয়েছেন। (মুআত্তা ইমাম মুহাম্মাদ, বর্ণনা ৩০৩)
প্রখ্যাত তাবেয়ি হজরত সুফিয়ান ছাওরী রাহ. বলেন– স্বামী ইন্তেকালের পর স্ত্রী তাকে গোসল দিতে পারবে। কেননা সে এখনও স্বামীর ইদ্দতের মধ্যে আছে। (মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ৬১১৯)
শরিয়া বিশ্লেষকরা আরও বলেন, তবে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবে না।
হজরত ইমাম শা‘বী রাহ. ও সুফিয়ান ছাওরী রাহ. বলেন– (স্ত্রী মারা গেলে) স্বামী তাকে গোসল দেবে না। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১১০৯২)
উমর ইবনুল খাত্তাব রা. থেকেও অনুরূপ কথা বর্ণিত আছে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১১০৯৪)
(কিতাবুল আছার, ইমাম আবু ইউসুফ, বর্ণনা ৩৮৩; কিতাবুল আছল ১/৩৫৫, ৩৫৭; শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ২/২০৫; মুখতারাতুন নাওয়াযিল ১/৪০২; আলবাহরুর রায়েক ২/১৭৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬০)
সূত্র: মাসিক আল কাউসার