সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি রিংগনকে ‘জীবন্ত দাফনের’ হুমকি

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১১:৪৮ এএম
শাহ রাজিব আহমেদ রিংগন
expand
শাহ রাজিব আহমেদ রিংগন

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ্যে ‘খুঁজে বের করে জীবন্ত দাফন’ করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং নিরাপত্তা চেয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর বড় ভাই মো. জাহাঙ্গীর আলম।

গত ০২ আগস্ট রাতে দায়ের করা জিডিতে জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, ওই দিন তিনি ফেসবুকে দেখতে পান যে, জনৈক মাওলানা কামরুল ইসলাম খান নামের এক ব্যক্তি তাঁর ভাই শাহ রাজিব আহমেদ রিংগনকে প্রকাশ্যে হত্যা ও জীবন্ত দাফন করার হুমকি দিচ্ছেন।

অভিযুক্ত মাওলানা কামরুল ইসলাম খান রায়ধর গ্রামের মৃত আকবর আলীর ছেলে এবং বর্তমানে ৫নং গোপায়া ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি সদস্য) বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

জিডিতে আরও বলা হয়েছে, মাওলানা কামরুল ইসলাম খান তাঁর ফেসবুক আইডি থেকে শুধুমাত্র হত্যার হুমকিই দেননি, বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জিকে গউছ এবং দলের অন্যান্য অঙ্গসংগঠন নিয়ে অশ্লীল, কুৎসিত ও হীন রুচিহীন ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছেন।

এমন আপত্তিকর ও মানহানিকর পোস্টের ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

এই প্রকাশ্য হত্যার হুমকির ফলে জাহাঙ্গীর আলম, তাঁর ভাই শাহ রাজিব আহমেদ রিংগন এবং তাঁদের পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষে বিষয়টি জিডিভুক্ত করা একান্ত প্রয়োজন বলে জাহাঙ্গীর আলম তাঁর আবেদনে জানান।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ডিউটি অফিসার জিডিটি গ্রহণ করেছেন এবং সংশ্লিষ্ট উপ-পরিদর্শক (এসআই) মো. শাওন আহমেদ রিজালকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন