শুক্রবার
১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি পৌঁছেছেন ৫৬ হাজার ৬৫৯ বাংলাদেশি হজযাত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৮:০৯ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৫৬ হাজার ৬৫৯ হজযাত্রী। বৃহস্পতিবার (১৪ মে) সৌদি সময় রাত ১১টা ৫৯ মিনিটে প্রকাশিত সর্বশেষ তথ্যে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ হজ মিশন।

প্রাথমিক হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার (১৪ মে) পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৫৬ হাজার ৬৫৯ হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫২ হাজার ১১৫ জন।

জানা গেছে, সরকারি ব্যবস্থাপনার সর্বশেষ ফ্লাইট বিজি-৫৩১ যোগে হজযাত্রীরা নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন। হজ মিশন জানিয়েছে, এ বছরের সরকারি মাধ্যমে আগত সব হাজির আগমন কার্যক্রম নির্বিঘ্নভাবে শেষ হয়েছে।

হজযাত্রীদের আবাসন, পরিবহন, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে বাংলাদেশ ও সৌদি আরবে দায়িত্ব পালনকারী হজ মিশনের কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করছেন বলেও জানানো হয়।

এ পর্যন্ত মোট ১৪৬টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৭২টি ফ্লাইট, সৌদিয়া পরিচালনা করেছে ৫২টি ফ্লাইট ও ফ্লাইনাস পরিচালনা করেছে ২২টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ২৮ হাজার ৪৪৮ জন, সৌদিয়া এয়ারলাইন্স পরিবহন করেছে ১৯ হাজার ৩৫২ জন ও ফ্লাইনাস পরিবহন করেছে ৮ হাজার ৮৫৯ জন।

এছাড়া সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ২৮ হাজার ৬৬৯টি চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। আইটি হেল্পডেস্ক থেকে সেবা দেওয়া হয়েছে ১৬ হাজার ৪৩০টি।

হজ মিশনের তথ্যমতে, এখন পর্যন্ত সৌদি আরবে মোট ১৪ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় মারা গেছেন ১১ জন ও মদিনায় মারা গেছেন ৩ জন। জেদ্দা, মিনা, আরাফা ও মুজদালিফায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের হজ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনের প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল ও শেষ ফ্লাইট নির্ধারণ করা হয়েছে ২১ মে। হজ শেষে হাজীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে ও শেষ হবে আগামী ৩০ জুন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন