রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের জন্য সুখবর, চালু হচ্ছে ডিজিটাল প্রবাসী কার্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৭:১১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত, কষ্টার্জিত অর্থের সুরক্ষা এবং দেশে আর্থিক লেনদেন সহজ করতে ডিজিটাল প্রবাসী কার্ড চালু করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

সোমবার (১০ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশে অবস্থানরত ও অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয় ও জনতা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী কার্ড চালুর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী উদ্যোগের সূচনা হতে যাচ্ছে। দেশের অর্থনীতিকে সচল রাখা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে প্রবাসী বাংলাদেশিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সার্বিক নিরাপত্তা, উপার্জিত অর্থের সুরক্ষা এবং দেশে আর্থিক লেনদেনের প্রক্রিয়া সহজ করতেই ডিজিটাল প্রবাসী কার্ড চালু করা হচ্ছে।

তিনি বলেন, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের আর্থিক লেনদেন সহজ করা, তাদের ব্যাংকিং সেবার আওতায় আনা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এই কার্ড চালু করা হচ্ছে।

নুরুল হক নুর আরও বলেন, প্রবাসীদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের জন্য সময়োপযোগী সেবা নিশ্চিত করা প্রয়োজন। প্রবাসী কার্ডের মাধ্যমে তারা সরাসরি ব্যাংকিং চ্যানেলে দ্রুত ও নিরাপদে লেনদেন করতে পারবেন। একই সঙ্গে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার প্রক্রিয়াও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বলেন, সরকারের নির্ধারিত পরিকল্পনা ও রোডম্যাপ অনুযায়ী কার্যক্রম এগিয়ে চলছে। প্রবাসীদের কল্যাণ ও সুযোগ-সুবিধা বাড়াতে নেওয়া সিদ্ধান্তগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, জনতা ব্যাংকের সঙ্গে আজকের সমঝোতা স্মারক স্বাক্ষর সেই পরিকল্পনারই একটি গুরুত্বপূর্ণ বাস্তবায়ন।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষে সচিব মো. মোখতার আহমেদ এবং জনতা ব্যাংক পিএলসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় মন্ত্রণালয় ও জনতা ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন