রবিবার
০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোরিয়ায় সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

দক্ষিণ কোরিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৩:১৩ পিএম
হাসিবুর রহমান
expand
হাসিবুর রহমান

দক্ষিণ কোরিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাসিবুর রহমান নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (৩ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ ঘটনায় দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত হাসিবুর রহমানের বাড়ি বাংলাদেশের জয়পুরহাট জেলার কালাই উপজেলায়। তিনি দক্ষিণ কোরিয়ার জেওনবুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, শনিবার (২ মে) গভীর রাতে কাজ শেষে ইলেকট্রিক স্কুটার চালিয়ে বাসায় ফিরছিলেন হাসিবুর। রাস্তা পার হওয়ার সময় এক মাতাল চালকের দ্রুতগতির গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং মাথায় মারাত্মক আঘাত পান।

দুর্ঘটনার পরপরই স্থানীয় উদ্ধারকারীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তবে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে রোববার সকাল ৮টার দিকে তিনি মারা যান।

হাসিবুর রহমান ২০২৩ সালের শেষ দিকে উচ্চশিক্ষার উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান। মাত্র চার মাস আগে দেশে এসে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বন্ধু ও সহপাঠীদের ভাষ্য, তিনি অত্যন্ত মেধাবী, ভদ্র ও বিনয়ী একজন মানুষ ছিলেন।

বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুত মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা।

এই হৃদয়বিদারক ঘটনায় সহপাঠী, বন্ধু ও স্বজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন