বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ শিরোপা কার? জানালেন হালান্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৬:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই চার গোল করে দলকে নকআউট পর্বে তুলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তবে বিশ্বকাপের শিরোপা জয়ের ক্ষেত্রে নিজের দল নয়, ফ্রান্সকেই সবচেয়ে এগিয়ে রাখছেন এই গোলমেশিন।

সেনেগালের বিপক্ষে ৩-২ গোলের জয় নিশ্চিত করে শেষ ৩২-এ জায়গা করে নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হালান্ড। এ সময় ফ্রান্সের বিপক্ষে আসন্ন গ্রুপ ম্যাচ এবং বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে বেশ খোলামেলা মন্তব্য করেন তিনি।

নরওয়েজিয়ান এই ফরোয়ার্ড বলেন, “এই মুহূর্তে আমি ফ্রান্স ম্যাচ নিয়ে খুব বেশি ভাবছি না। আমাদের প্রধান লক্ষ্য ছিল পরের রাউন্ডে ওঠা, আর আমরা সেটা করতে পেরেছি।”

তবে ফ্রান্সকে নিয়ে তার মূল্যায়নই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। হালান্ডের ভাষ্য, “সম্ভবত ওরাই আমাদের হারাবে। আর আমার বিশ্বাস, টুর্নামেন্টের শিরোপাটাও শেষ পর্যন্ত ফ্রান্সের হাতেই যেতে পারে।”

বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্সও। সেনেগালকে ৩-১ এবং ইরাককে ৩-০ গোলে হারিয়ে ইতোমধ্যে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে কিলিয়ান এমবাপ্পের দল। ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল এমবাপ্পে। চার গোল নিয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে হালান্ডের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ফরাসি অধিনায়ক।

হালান্ডের এই মন্তব্য ফুটবল বিশ্বে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, এটি হয়তো চাপ কমানোর কৌশল। আবার কেউ কেউ বলছেন, ফ্রান্সের বর্তমান শক্তি ও ধারাবাহিকতা বিবেচনায় হালান্ড বাস্তবতাই তুলে ধরেছেন।

আগামী ২৬ জুন গ্রুপ ‘আই’-এর শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে নরওয়ে ও ফ্রান্স। সেই ম্যাচে এমবাপ্পে-হালান্ড দ্বৈরথ যেমন আলোচনায় থাকবে, তেমনি নজর থাকবে হালান্ডের ভবিষ্যদ্বাণী সত্যি হয় কি না সেদিকেও।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Bosnia-Herz VS Qatar
Scheduled
25 Jun, 01:00 AM
VS
World Cup