

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকার গণভোটের রায় নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে, সর্বত্র দলীয়করণ করছে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ‘হ্যাঁ’ ভোটের রায় বর্তমান সরকার চুরি করেছে।
শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জুলাই গণঅভ্যুত্থানের ওপর ‘জুলাই এখনও শেষ হয়নি’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী শেষে তিনি এ কথা বলেন।
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রসংস্কারের জন্য হওয়া গণভোটের অধিকার সরকার জনগণের কাছ থেকে চুরি করেছে। দুটি ভোটে অংশ নিলেও তারা একটি ভোট মেনে নেয়নি।
নাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হবে না। সরকার জনগণের আস্থা হারিয়েছে এবং শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে।
নাহিদ ইসলাম বলেন, সত্যিকার অর্থে জুলাই শেষ হয়নি। স্বৈরাচার ও ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদী শক্তি জুলাই অভ্যুত্থান নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। জুলাইয়ের প্রত্যাশা- রাষ্ট্র সংস্কার, গণভোটে হ্যাঁ এর পক্ষের গণরায় এখনো বাস্তবায়ন হয়নি- চুরি করে নিয়ে গেছে।
তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য আমরা লড়াই করছি, আমাদের লড়াই করতে হবে। বর্তমান সরকার গণভোটের রায় নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে, সর্বত্র দলীয়করণ করছে। অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের বাস্তবায়ন হয়নি। তারা স্থানীয় সরকারেও দলীয়করণ করেছে। জুলাইয়ের কর্মসূচিতে গণঅভ্যুত্থানের আন্দোলনের সমন্বয়কদের মূল্যায়ন করা হচ্ছে না, এমনকি কর্মসূচি পালনে বাধা দেয়া হচ্ছে।
নাহিদ আরও বলেন, বর্তমান সরকার যথাযথ ব্যবস্থা নিতে না পারায় পতিত স্বৈরাচার শেখ হাসিনা দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করছে। সরকার কূটনৈতিক ব্যবস্থা না নিয়ে বাগাড়ম্বর করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে বাহবা নেয়ার চেষ্টা করছে। ১১ দলীয় ঐক্য, ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারকে প্রতিরোধ করবে।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকার নৈতিকভিত্তি হারিয়ে ফেলেছে। জনগণের আস্থা হারিয়েছে। ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্বাচিত ছাত্রসংসদের ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাদের উপর হামলা চালানো হচ্ছে। প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরাও নিরপেক্ষ আচরণ করছেন না। রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন না হলে সরকার স্বৈরাচার হয়ে উঠবে।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা আলম মিতু এমপি, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান প্রমুখ।