

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীতে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, দিনটি ‘ঐতিহাসিক’ তাৎপর্য বহন করে, যা সামনে রেখে বৃহৎ কর্মসূচি নেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, ক্ষমতাসীনরা ক্ষমতায় আসার আগে জুলাইকে ঘিরে যে অবস্থান নিয়েছিলেন, ক্ষমতায় এসে তার বিপরীত অবস্থান গ্রহণ করেছেন। তাঁর ভাষায়, জুলাই কেবল একটি মাস নয়; এটি আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক অধ্যায়।
নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস ও চেতনাকে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এই মূল্যবোধকে যথাযথভাবে সংরক্ষণ করা জরুরি।
এ সময় ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী ৩৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেয়। কর্মসূচির মধ্যে রয়েছে, ১ থেকে ১০ জুলাই গ্রাফিতি অঙ্কন, ১১ থেকে ১৬ জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়, ১৭ থেকে ৩০ জুলাই বিভিন্ন ঘটনাস্থলভিত্তিক আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী।
এছাড়া ২৪ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ সমাবেশ, ৩১ জুলাই মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, এবং ১ থেকে ৪ আগস্ট ওলামা, শ্রমিক ও নারী সমাবেশ অনুষ্ঠিত হবে।
সবশেষে ৫ আগস্ট রাজধানীতে ‘ঐতিহাসিক গণমিছিল’ কর্মসূচির মাধ্যমে মাসব্যাপী এই কর্মসূচির সমাপ্তি ঘটবে বলে জানানো হয়।
