

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সংসদ কার্যকর রাখতে সরকার ও বিরোধী দলের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যানবাহন চালাতে হলে অন্তত দুটি টায়ার লাগে। এই সংসদেরও দুটি টায়ার—একটি সরকারি দল, অন্যটি বিরোধী দল। যেকোনো একটি অকেজো হলে পুরো ব্যবস্থাই অচল হয়ে পড়ে।’
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারি দলের সদস্যদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “একটি প্রবণতা লক্ষ্য করছি—প্রথমে কুচি কুচি করে সমালোচনা করা হয়, এরপর বলা হয় ‘এসব বাদ দিন, ঐক্যবদ্ধভাবে দেশ চালাই’। তাই বলছি, আসুন আমরা ওই কুচি কুচি করার যন্ত্রটাই ফেলে দিই। একটি সুন্দর ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে এগিয়ে যাই।”
সংসদ সদস্যদের সংযত আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অগণিত ত্যাগের বিনিময়ে এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। এটি মজলুম মানুষের সংসদ। এখানে এমন কোনো আচরণ করা উচিত নয়, যা দেশবাসীকে আঘাত করে। সংসদকে দায়িত্বশীল হতে হবে, জাতিকে স্বপ্ন দেখাতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে এবং সামনে এগিয়ে নিতে হবে।’
সংসদের কার্যকারিতা বজায় রাখতে উভয় পক্ষের ভূমিকার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘এই সংসদে আমরা আগে একসঙ্গে বসতাম, এখন দুই অংশে বিভক্ত নই—বরং সংযুক্ত। কারণ, একটি যানবাহন এক চাকায় চলে না। তাই উভয় পক্ষকে সচল রাখতে হবে। কোনো পক্ষকে দুর্বল করা হলে পুরো ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হবে।’
সংসদে ব্যক্তিপূজার সমালোচনা করে তিনি বলেন, ‘এখানে ব্যক্তিকে তোষামোদ করতে গিয়ে গান, কবিতা ও অবাস্তব প্রশংসা করা হয়েছে। জনগণের ট্যাক্সের অর্থ ব্যয় করে এসব করা উচিত নয়। আমরা নবীনরা প্রবীণদের কাছ থেকে ভালোটা শিখতে চাই, খারাপটা নয়।’
বক্তব্যের শেষে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, জেনারেল এম এ জি ওসমানী, আ স ম আবদুর রবসহ সব শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানান।