শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি গণভোট না মানায় জাতীয় জীবনে সংকট তৈরি হয়েছে: জামায়াত আমির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ১২:৩৫ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
expand
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বিএনপি গণভোটের সিদ্ধান্ত মেনে না নেওয়ায় জাতীয় জীবনে নতুন করে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, দেশের সার্বিক ও টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য হয়ে পড়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে অন্যান্য সকল মন্ত্রণালয়ের দায়িত্ব ও প্রশ্নের উত্তর দিলেও, নিজের মন্ত্রণালয়ের মূল দায়িত্ব নিয়ে তাঁর কোনো ভ্রূক্ষেপ নেই। দেশের আইনশৃঙ্খলা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব কার্যক্রমের প্রতি সরকারের উদাসীনতার দিকে ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।

সংসদীয় রাজনীতি ও জনগণের অধিকার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় ও জনগণের স্বার্থ সুরক্ষায় বিরোধী দল সংসদে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। সরকার যদি জনগণের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত নেয়, তবে সংসদ ও রাজপথ- উভয় জায়গাতেই এর তীব্র প্রতিবাদ অব্যাহত রাখা হবে।

দেশের সার্বভৌমত্ব ও অন্যায়ের বিরুদ্ধে দলের অবস্থান পুনর্ব্যক্ত করে জামায়াত আমির স্পষ্ট ভাষায় বলেন, আমরা কোনো ধরনের আধিপত্যবাদের কাছে মাথা নত করব না। দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম ও সব অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই অবিরাম চলবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS France
Scheduled
27 Jun, 01:00 AM
VS
World Cup