সোমবার
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
এক্স অ্যাকাউন্ট হ্যাক

একটি বিশেষ দলের সাইবার টিম ‘জড়িত থাকতে পারে’: জামায়াত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম
জামায়াতের লোগো
expand
জামায়াতের লোগো

একটি বিশেষ দলের সাইবার টিম জামায়াতে ইসলামীর আমীরের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

রোববার সকাল ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ষড়যন্ত্রমূলকভাবে আমীরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। বিকাল ৫টার দিকে বিষয়টি তাদের নজরে আসে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা কয়েকদিন ধরেই পরিকল্পিতভাবে প্রস্তুতি নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পরপরই একটি বিশেষ দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। আমাদের গভীর আশঙ্কা বিশেষ একটি দলের সাইবার টিমের লোক জড়িত রয়েছে। এটি একটি চরম ও বাড়াবাড়িমূলক কাজ।’ জামায়াতে ইসলামীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দলটিকে প্রশ্নবিদ্ধ করতেই এ ধরনের হীন প্রচেষ্টা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের জানান, ঘটনার রাতেই সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পরবর্তীতে আইনি পদক্ষেপসহ সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় জামায়াতের সাইবার টিমের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, ‘যখন এই বিতর্কিত পোস্টটি দেয়া হয় তখন আমীরে জামায়াত ঢাকার কেরানীগঞ্জে বক্তব্য দিচ্ছিলেন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট রিকভার করার চেষ্টা করা হয়। বিকেল ৫টা ৯ মিনিটে এক্স কর্তৃপক্ষের কাছ থেকে একটি ই-মেইল পাওয়া যায়, যেখানে জানানো হয় যে পাসওয়ার্ড পরিবর্তন করা সম্ভব হয়েছে।

তার অভিযোগ, সরকারি ই-মেইল ব্যবহার করে সাইবার আক্রমণ চালানো হয়েছে এবং ম্যালওয়্যার পাঠানোর মাধ্যমে ডিভাইসের নিয়ন্ত্রণ নেয়া হয়েছিল। এ সংক্রান্ত সব প্রমাণ সরকারি সাইবার সিকিউরিটি বিভাগে জমা দেয়া হবে বলেও জানান তিনি। এছাড়া জামায়াতের দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের অ্যাকাউন্টও হ্যাক হয়েছে বলে জানান এহসানুল মাহবুব জুবায়ের।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X