মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে মাদকসহ ২ ভারতীয় গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০১:২৬ এএম
গ্রেপ্তার সানাওয়ার আলী ও ইমতিয়াজ আহমেদ। ছবি: সংগৃহীত
expand
গ্রেপ্তার সানাওয়ার আলী ও ইমতিয়াজ আহমেদ। ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় শাড়ির আড়ালে বিপুল পরিমাণ কুশ পাচারের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাদের কাছ থেকে ৫ কেজি ৪০ গ্রাম কুশ, তিন লিটার বিদেশি মদ ও ২৪টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভারতের উত্তর ২৪ পরগনার বাসিন্দা সানাওয়ার আলী (৩৬) ও ইমতিয়াজ আহমেদ (৩৬)।

ডিএনসি জানায়, সোমবার (২৪ আগস্ট) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে অভিযান চালানো হয়। ঢাকা মেট্রো (উত্তর) বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল সেখানে অবস্থান নেয়।

দুপুর ১টার দিকে ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজিথ্রিটুওয়ান (TG321) ফ্লাইটে আসা সানাওয়ার আলী ও ইমতিয়াজ আহমেদকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষী ও বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সদস্যদের সামনে তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়।

তল্লাশির সময় কাপড়ের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫ কেজি ৪০ গ্রাম কুশ, তিন লিটার বিদেশি মদ এবং ২৪টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

এ ছাড়া তাদের কাছ থেকে দুটি ভারতীয় পাসপোর্ট, দুটি বোর্ডিং কার্ড ও চারটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। তাদের কাছে থাকা মুদ্রার মধ্যে ছিল ৪০০ মার্কিন ডলার, ১ হাজার ১৭০ থাই বাথ ও ১ হাজার ১৭০ ভারতীয় রুপি।

ডিএনসি জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে মামলাটি করেন।

এ ঘটনায় তাদের কয়েকজন বাংলাদেশি সহযোগীকে শনাক্ত করা হয়েছে বলেও জানিয়েছে ডিএনসি। তাদের দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় তাদের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন