বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা মহিলা দল সভাপতি নাছিমা আক্তারের বহিষ্কারাদেশ প্রত্যাহার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ এএম
ছবি: সংগৃহীত
expand

কক্সবাজার জেলা জাতীয়তাবাদী মহিলা দল সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর নাছিমা আক্তার বকুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটির হাইকমান্ড। একই সঙ্গে তাকে জেলা কমিটির সভাপতির পদে পুনর্বহাল করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক তার এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগে নাছিমা আক্তার বকুলের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। পরবর্তীতে দলের প্রতি তার বিগত দিনের ত্যাগ, রাজপথের সক্রিয় ভূমিকা ও আনুগত্যের বিষয়টি বিবেচনা করে তার করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সংসদ। এখন থেকে তিনি আগের মতোই কক্সবাজার জেলা মহিলা দলের সভাপতি হিসেবে সাংগঠনিক সকল দায়িত্ব পালন করবেন।

এদিকে নাছিমা আক্তার বকুলের স্বপদে ফেরার খবর ছড়িয়ে পড়লে কক্সবাজার জেলা বিএনপি, মহিলা দল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। স্থানীয় নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে তাকে মিষ্টি খাইয়ে ও ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

স্বপদে পুনর্বহাল হওয়ার পর এক প্রতিক্রিয়ায় নাছিমা আক্তার বকুল বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং মহিলা দলের কেন্দ্রীয় কমিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিগত দিনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দল আমাকে যে মর্যাদা ফিরিয়ে দিয়েছে,তার জন্য আমি কৃতজ্ঞ। আগামী দিনে কক্সবাজারে মহিলা দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে এবং দলের যে কোনো ক্রান্তিলগ্নে রাজপথে অতীতের মতো সক্রিয় ভূমিকা পালন করব।

উল্লেখ্য, বিগত কক্সবাজার পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত সংক্রান্ত জটিলতার জেরে নাছিমা আক্তার বকুলের বিরুদ্ধে এই শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। দীর্ঘ সময় পর দলের এই ইতিবাচক সিদ্ধান্তে স্থানীয় রাজনৈতিক মহলে এবং তৃণমূলের নেতাকর্মীদের মাঝে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank